পরিবেশ সুরক্ষার বার্তা নিয়ে শিক্ষার্থীদের হাতে গাছের চারা

ছবি: আগামীর সময়
বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে বাগেরহাটের রামপালে র্যালি, চিত্রাঙ্কন প্রতিযোগিতা এবং শিক্ষার্থীদের মাঝে গাছের চারা বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।
আজ মঙ্গলবার সকালে রামপাল পাইলট বালিকা বিদ্যালয়ের সামনে থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের করা হয়। র্যালিটি উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে আবার বিদ্যালয় প্রাঙ্গণে এসে শেষ হয়। পরে শিক্ষার্থীদের মাঝে ফলদ, বনজ ও ঔষধি বৃক্ষের চারা বিতরণ করা হয়। একই সঙ্গে বিদ্যালয় প্রাঙ্গণে একটি অর্জুনগাছের চারা রোপণ করা হয়।
অনুষ্ঠানের অংশ হিসেবে শিক্ষার্থীদের অংশগ্রহণে ‘নারীর হাতে সহনশীল কৃষি ও খাদ্য নিরাপত্তা’ শীর্ষক চিত্রাঙ্কন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। প্রতিযোগিতা শেষে বিচারকদের মূল্যায়নের ভিত্তিতে প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থান অর্জনকারী তিন শিক্ষার্থীর হাতে পুরস্কার হিসেবে বই তুলে দেওয়া হয়।
অ্যাকশনএইডের সহযোগিতায় ইনিশিয়েটিভ ফর রাইট ভিউ (আইআরভি) আয়োজিত এ কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তামান্না ফেরদৌসী। বিশেষ অতিথি ছিলেন মো. শাহিনুর রহমান।
এ সময় বিদ্যালয়ের প্রধান শিক্ষক শামীমা আরা খানম, প্রকল্প সমন্বয়কারী সৌরভ ভদ্র, শিক্ষক-শিক্ষার্থী এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
আয়োজকরা জানান, পরিবেশ সংরক্ষণে জনসচেতনতা বৃদ্ধি এবং শিক্ষার্থীদের মধ্যে বৃক্ষরোপণের গুরুত্ব তুলে ধরতেই এ কর্মসূচির আয়োজন করা হয়েছে।




