সুশৃঙ্খল পুলিশি কার্যক্রমে নান্দনিক অফিসের গুরুত্ব তুলে ধরলেন মন্ত্রী

পুলিশ সুপারের অফিস কক্ষ উদ্বোধন করছেন গৃহায়ন ও গণপূর্তমন্ত্রী জাকারিয়া তাহের (সুমন)
জেলা পুলিশের দাপ্তরিক কার্যক্রমকে আরও সুশৃঙ্খল, গতিশীল ও কার্যকর করতে সুন্দর ও নান্দনিক অফিসের গুরুত্ব রয়েছে বলে মন্তব্য করেছেন গৃহায়ন ও গণপূর্তমন্ত্রী জাকারিয়া তাহের (সুমন)।
গতকাল শনিবার রাতে কুমিল্লা জেলা পুলিশ সুপারের কার্যালয়ে নবনির্মিত পুলিশ সুপারের অফিস কক্ষ উদ্বোধনকালে তিনি এ কথা বলেন। মন্ত্রী ফিতা কেটে নবনির্মিত কক্ষটির উদ্বোধন করেন।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কুমিল্লা-৫ (বুড়িচং-ব্রাহ্মণপাড়া) আসনের সংসদ সদস্য মো. জসীম উদ্দিন, কুমিল্লার পুলিশ সুপার মো. আনিসুজ্জামান, পিপিএমসহ জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা।
উদ্বোধনের পর মন্ত্রী নবনির্মিত অফিস কক্ষের বিভিন্ন অংশ ঘুরে দেখেন। এ সময় কক্ষটির অবকাঠামোগত উন্নয়ন, আধুনিক ও পরিকল্পিত বিন্যাস এবং পুলিশ সুপারের দাপ্তরিক কার্যক্রম পরিচালনার উপযোগী পরিবেশ সম্পর্কে তাকে অবহিত করা হয়।
মন্ত্রী বলেন, নবনির্মিত এ অফিস কক্ষটি কুমিল্লা জেলার পুলিশ সুপারের নিয়মিত দাপ্তরিক ও দৈনন্দিন কার্যক্রম আরও সুশৃঙ্খল, গতিশীল ও কার্যকর করতে সহায়তা করবে। পাশাপাশি গুরুত্বপূর্ণ প্রশাসনিক সিদ্ধান্ত গ্রহণ, দাপ্তরিক সমন্বয় এবং পেশাগত কার্যক্রম পরিচালনাতেও এটি সহায়ক ভূমিকা রাখবে।



