ডেভিস কাপ খেলতে ভিয়েতনামে রাজশাহীর রাকীন

স্বপ্নের মঞ্চে এবার রাজশাহীর রাকীন। জাতীয় দলের জার্সি গায়ে ডেভিস কাপ খেলতে যাচ্ছেন তিনি। পুরো নাম মো. রাকীন রহমান রাকীন। গন্তব্য ভিয়েতনাম।
ডেভিস কাপ পুরুষদের টেনিসের অন্যতম মর্যাদাপূর্ণ আন্তর্জাতিক দলীয় প্রতিযোগিতা। এই আসরে বাংলাদেশের প্রতিনিধিত্ব করবেন রাজশাহীর এই কৃতি টেনিস খেলোয়াড়।
আগামী ১১ থেকে ১৪ নভেম্বর প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে। ভেন্যু ভিয়েতনামের ফান থিয়েট শহরের তিয়েন থানহ এলাকার নোভাওয়ার্ল্ড ইন্টারন্যাশনাল টেনিস কমপ্লেক্স।
বাংলাদেশ থেকে মোট চারজন খেলোয়াড় ও একজন কোচ এই আসরে অংশ নেবেন। আজ রবিবার দিবাগত রাত ১২টা ৩০ মিনিটে তারা ভিয়েতনামের উদ্দেশে যাত্রা করবেন। দলে রাজশাহীর সন্তান রাকীন।
রাকীন রাজশাহী সিটি কর্পোরেশনের (রাসিক) প্রশাসক ও রাজশাহী মহানগর বিএনপির সাধারণ সম্পাদক মো. মাহফুজুর রহমান রিটনের একমাত্র সন্তান।
এত বড় আসরে খেলতে যাওয়া নিয়ে রাকীন বলেছেন, 'এত বড় একটি আন্তর্জাতিক আসরে অংশ নিতে যাচ্ছি, এতে আমি অত্যন্ত আনন্দিত ও গর্বিত। সবার কাছে আমার ও আমার দলের জন্য দোয়া চাই। আমরা যেন এ প্রতিযোগিতায় ভালো ফলাফল অর্জন করে দেশের সম্মান বয়ে আনতে পারি।'
রাকীনের এই অর্জনে গর্বিত রাজশাহীর ক্রীড়াঙ্গনও। রাজশাহী টেনিস কমপ্লেক্সের অ্যাডহক কমিটির সদস্য সচিব ও অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. সবুর আলী বলেছেন, 'রাজশাহীর কৃতি সন্তান রাকীনের ডেভিস কাপের মতো আন্তর্জাতিক মর্যাদাপূর্ণ প্রতিযোগিতায় অংশগ্রহণ আমাদের জন্য অত্যন্ত আনন্দ ও গর্বের বিষয়। তাঁর এই অর্জন রাজশাহীর ক্রীড়াঙ্গনের জন্য অনুপ্রেরণার উৎস হয়ে থাকবে।'



