ছুরিকাহত হয়েও ছিনতাইকারীকে ছাড়েননি এসআই

কামরুজ্জামান শাওন খন্দকার ওরফে কাইল্যা শাওন
ছিনতাইকারী ধরতে গিয়ে ছুরিকাঘাতে গুরুতর আহত হন গাজীপুরের টঙ্গী পশ্চিম থানার উপপরিদর্শক (এসআই) হানিফ মাহমুদ। তবুও থেমে যাননি তিনি। রক্তাক্ত পায়ে জাপটে ধরে গ্রেপ্তার করেন একাধিক মামলার আসামি ছিনতাইকারী কামরুজ্জামান শাওন খন্দকার ওরফে কাইল্যা শাওনকে (২৬)।
গতকাল মঙ্গলবার রাত ৯টার দিকে এ ঘটনা ঘটে টঙ্গীর খরতৈল এলাকায় ছিনতাইবিরোধী অভিযানে। এ সময় শাওনের সহযোগী সাগরকেও (২৫) গ্রেপ্তার করে পুলিশ।
প্রত্যক্ষদর্শীরা জানায়, খরতৈল এলাকায় ছিনতাইকারীদের একটি গোপন আস্তানার খবর পেয়ে এসআই হানিফ মাহমুদের নেতৃত্বে পুলিশের একটি দল সেখানে অভিযান চালায়। পুলিশ আস্তানাটি ঘিরে ফেললে শাওন ও সাগর ধারালো অস্ত্র নিয়ে পুলিশের ওপর অতর্কিত হামলা চালায়।
একপর্যায়ে শাওন ছুরি দিয়ে এসআই হানিফের পায়ে উপর্যুপরি আঘাত করে পালানোর চেষ্টা করে। এতে তার পা থেকে প্রচণ্ড রক্তক্ষরণ শুরু হয়। তবে আহত অবস্থাতেও শাওনকে ছাড়েননি তিনি। নিজের জীবনের ঝুঁকি নিয়ে তাকে শক্ত করে জাপটে ধরে রাখেন। পরে সঙ্গীয় পুলিশ সদস্যদের সহায়তায় শাওন ও সাগরকে কাবু করে গ্রেপ্তার করা হয়।
ঘটনার পর আহত এসআই হানিফকে উদ্ধার করে স্থানীয় একটি হাসপাতালে নেওয়া হয়। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকার জাতীয় হৃদরোগ ইনস্টিটিউটে পাঠানো হয়েছে।
গাজীপুর মেট্রোপলিটন পুলিশের অপরাধ দক্ষিণ বিভাগের উপপুলিশ কমিশনার এস এম শফিকুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, আহত পুলিশ কর্মকর্তার সর্বোচ্চ চিকিৎসা নিশ্চিত করা হচ্ছে। আটক দুই ছিনতাইকারী বর্তমানে থানা হেফাজতে রয়েছে। এ চক্রের সঙ্গে জড়িত অন্য সদস্যদের গ্রেপ্তারে বিশেষ অভিযান জোরদার করা হয়েছে।




