হেবা আইন বাতিল চায় ইসলামী আন্দোলন

হেবা আইন ও গ্যাস-বিদ্যুৎ সংকট নিরসনের প্রতিবাদে রাজশাহীতে ইসলামী আন্দোলনের বিক্ষোভ
জাতীয় সংসদে পাস হওয়া ‘হেবা আইন (সংশোধনী) বিল, ২০২৬’ বাতিলের দাবি, গ্যাস-বিদ্যুৎ সংকট নিরসন এবং মূল্যস্ফীতির প্রতিবাদে রাজশাহীতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে ইসলামী আন্দোলন বাংলাদেশ।
শুক্রবার (১১ সেপ্টেম্বর) বাদ জুমা সাহেববাজার জিরোপয়েন্ট থেকে বিক্ষোভ মিছিলটি শুরু হয়। মিছিলটি মনি চত্বর, রাজশাহী কলেজের সামনে ও কুমারপাড়া মোড় প্রদক্ষিণ করে আবার সাহেববাজার জিরোপয়েন্টে এসে শেষ হয়। সেখানে প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।
সমাবেশে বক্তারা সদ্য পাস হওয়া হেবা আইনকে কোরআন-সুন্নাহ ও ইসলামী শরিয়াহবিরোধী বলে দাবি করেন।
তাদের ভাষ্য, পবিত্র কোরআনে উত্তরাধিকার আইন সুস্পষ্টভাবে বর্ণিত রয়েছে। ফলে শরিয়তের বাইরে নতুন কোনো পদ্ধতি বা আইন সংযোজনের প্রয়োজন নেই।
বক্তারা বলেছেন, ‘বর্তমানে বাংলাদেশকে নিয়ে গভীর চক্রান্ত চলছে। বিগত স্বৈরাচারী ফ্যাসিস্ট হাসিনা সরকার দেশের মানুষের ওপর চরম নির্যাতন চালিয়েছিল। এর ফলশ্রুতিতে ৩৬ জুলাই বা ৫ আগস্টের ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে তারা দেশ ছেড়ে পালাতে বাধ্য হয়।’
তারা আরও বললেন, ‘বিগত সরকার ১৬ বছর ক্ষমতায় থেকেও দেশে ইসলামবিরোধী কোনো আইন পাসের সাহস পায়নি। কিন্তু বর্তমান সরকার ক্ষমতায় আসার ৬ মাসের মাথাতেই পবিত্র কোরআনের অবিসংবাদিত বিধানের পরিপন্থী এই আইন পাস করেছে। এটি জনগণের ধর্মীয় বিশ্বাসের ওপর স্পষ্ট আঘাত।’
সমাবেশে দেশের চলমান অর্থনৈতিক পরিস্থিতি ও জনদুর্ভোগ নিয়েও ক্ষোভ প্রকাশ করেন নেতারা।
তারা বললেন, সাধারণ মানুষ বিদ্যুৎ ও গ্যাসের তীব্র সংকটে দিশেহারা। মূল্যস্ফীতির কারণে মানুষের দৈনন্দিন জীবনযাত্রা কঠিন হয়ে পড়েছে। একই সঙ্গে ব্যবসা-বাণিজ্যেও এর নেতিবাচক প্রভাব পড়ছে।
নেতাদের অভিযোগ, গ্যাস-বিদ্যুৎ সংকট ও মূল্যস্ফীতির কারণে সাধারণ মানুষের দুর্ভোগ যখন বাড়ছে, তখন হেবা আইন নিয়ে নতুন জটিলতা সেই দুর্ভোগ আরও বাড়িয়ে দিয়েছে।
সমাবেশ থেকে নেতারা হুঁশিয়ারি দিয়ে বললেন, জনস্বার্থবিরোধী যেকোনো সিদ্ধান্ত ও প্রশাসনিক ব্যর্থতা সাধারণ মানুষ আর মেনে নেবে না। অনতিবিলম্বে গ্যাস ও বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক করতে হবে।
এছাড়া তাদের ভাষায়, শরিয়াহবিরোধী হেবা আইন বাতিল করতে হবে। অন্যথায় রাজপথে কঠোর গণআন্দোলন গড়ে তোলা হবে।
সমাবেশে উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশ রাজশাহী মহানগরের সভাপতি অধ্যক্ষ মাওলানা হোসাইন আহমদ, রাজশাহী জেলা শাখার সভাপতি আলহাজ মো. ফয়সাল হোসেন মনি, মহানগরের সহসভাপতি হাফেজ মাওলানা মুরশিদ আলম ফারুকী, জেলা শাখার সেক্রেটারি মো. ইসাহাক, ইসলামী যুব আন্দোলন রাজশাহী জেলা শাখার সভাপতি মো. হাসিবুর রহমান, রাজশাহী মহানগর প্রচার ও প্রকাশনা বিভাগের দায়িত্বপ্রাপ্ত মুফতী ইমরান হোসাইন এবং ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ রাজশাহী বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি পারভেজ আকন্দসহ দলটির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।
পরে দেশ ও জাতির সার্বিক কল্যাণ কামনা করে বিশেষ মোনাজাতের মাধ্যমে সমাবেশের আনুষ্ঠানিক সমাপ্তি ঘোষণা করা হয়।



