গাছ পড়ে ৩৩ কেভি লাইন ক্ষতিগ্রস্ত, বিদ্যুৎহীন উখিয়া-টেকনাফ

উখিয়ায় বিজিবি চেকপোস্ট সংলগ্ন সড়কের পাশে থাকা একটি রেইনট্রি সড়কে ভেঙে পড়েছে। ছবি: আগামীর সময়
কক্সবাজারের উখিয়ায় ৩৩ কেভি বৈদ্যুতিক লাইনের ওপর গাছ পড়ে বিদ্যুৎ সরবরাহ বন্ধ হয়ে গেছে। এতে উখিয়া ও টেকনাফ উপজেলার তিন লাখের বেশি গ্রাহক ভোগান্তিতে পড়েছেন। ক্ষতিগ্রস্ত লাইন ও খুঁটি মেরামতে কাজ করছে বিদ্যুৎ বিভাগ।
আজ রবিবার সকাল সাড়ে ৯টার দিকে ভারী বৃষ্টির মধ্যে উখিয়ার মরিচ্যা বিজিবি চেকপোস্ট সংলগ্ন সড়কের পাশে থাকা একটি রেইনট্রি গাছ হঠাৎ পড়ে যায়।
গাছটি বিদ্যুৎ লাইনের ওপর পড়লে চারটি খুঁটির সমন্বয়ে তৈরি বক্স পোল ক্ষতিগ্রস্ত হয়। এতে ৩৩ কেভি মেইন লাইনের বেশ কিছু অংশ ক্ষতিগ্রস্ত হয়েছে।
কক্সবাজার পল্লী বিদ্যুৎ সমিতির উখিয়া কার্যালয়ের ডিজিএম কায়জার নূর জানিয়েছেন, গাছ পড়ে যাওয়ার পর উখিয়া ও টেকনাফের পাশাপাশি মেরিন ড্রাইভ ও জালিয়াপালং এলাকার বিভিন্ন লাইনে বন্ধ রয়েছে বিদ্যুৎ সরবরাহ।
তিনি আরও জানান, ক্ষতিগ্রস্ত লাইন ও খুঁটি মেরামতের কাজ চলছে। রক্ষণাবেক্ষণ ও মেরামত শেষ করে বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক করতে আনুমানিক ছয় থেকে সাত ঘণ্টা সময় লাগতে পারে।
এদিকে গাছটি সরিয়ে সড়ক ও বিদ্যুৎ লাইনের নিরাপত্তা নিশ্চিত করতে কাজ করছে ফায়ার সার্ভিস। উখিয়া ফায়ার সার্ভিস স্টেশনের কর্মকর্তা ডলার ত্রিপুরা জানিয়েছেন, বিদ্যুৎ বিভাগের সঙ্গে সমন্বয় করে গাছটি নিরাপদে অপসারণে সহযোগিতা করছেন ফায়ার সার্ভিসের সদস্যরা।
বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকায় উখিয়া ও টেকনাফের অন্তত তিন লাখ গ্রাহক দুর্ভোগে পড়েছেন।







