গাছের ডাল ভাঙার অভিযোগে শিশুকে সড়কে আছাড় প্রতিবেশীর

শিশুটিকে মারধর করছেন অভিযুক্ত অমি
কুমিল্লা সদরের শাসনগাছা এলাকায় লিচু গাছের ডাল ভাঙার অভিযোগে এক শিশুকে নির্মম নির্যাতনের অভিযোগ উঠেছে। এ ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর ব্যাপক সমালোচনার সৃষ্টি হয়েছে।
শুক্রবার (৫ জুন) বিকেলে এ বিষয়ে কুমিল্লা কোতোয়ালি মডেল থানায় মামলা দায়ের করেছেন শিশুর বাবা হাসান।
ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়, শিশুটিকে গেঞ্জির কলার ধরে টেনে-হিঁচড়ে নিয়ে যাওয়া হচ্ছে। পরে তাকে সড়ক ও শানবাঁধানো ঘাটে একাধিকবার আছাড় মারা হয়। এ ছাড়া তাকে মারধরও করা হয়। এ সময় আশপাশের লোকজনকে দাঁড়িয়ে নির্যাতনের দৃশ্য দেখছে।
স্থানীয়রা জানান, নির্যাতনের অভিযোগে অভিযুক্ত অমি প্রায়ই নিজেকে যুবদলের নেতা হিসেবে পরিচয় দিয়ে আসছেন।
কুমিল্লা দক্ষিণ জেলা যুবদলের সাধারণ সম্পাদক ফরিদ উদ্দিন শিবলু বলছেন, ‘ইউনিয়ন পর্যায়ে আমাদের কোনো কমিটি নেই। এছাড়া অমি নামের কেউ যুবদলের কমিটিতে নেই।’
কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তৌহিদুল আনোয়ার স্থানীয়দের বরাত দিয়ে জানান, অভিযুক্ত ব্যক্তি শাসনগাছা বড়বাড়ি এলাকার আবুল হোসেনের ছেলে অমি (৩০)। প্রতিবেশী মো. হাসানের শিশু সন্তান তাদের একটি লিচু গাছের ডাল ভেঙেছে বলে অভিযোগ তুলে বৃহস্পতিবার সন্ধ্যায় তাকে নির্মমভাবে নির্যাতন করা হয়।
তিনি আরও বললেন, ‘জানা গেছে অমি বদমেজাজি। শিশুর বাবা বাদী হয়ে মামলা দায়ের করেছেন। ভিডিও ছড়িয়ে পড়ার পর আসামি পালিয়ে গেছে। সে কোনো রাজনীতির সঙ্গে জড়িত কি না, তা আমি জানি না। আমরা তাকে গ্রেপ্তারের চেষ্টা চালিয়ে যাচ্ছি।’





