ঠাকুরগাঁও থেকে নিখোঁজ ৪ স্কুলছাত্রী সিলেটে উদ্ধার

নিখোঁজ ৪ স্কুলছাত্রী— সংগৃহীত
ঠাকুরগাঁও থেকে নিখোঁজ হওয়া একই বিদ্যালয়ের চার স্কুলছাত্রীকে সিলেট থেকে উদ্ধার করেছে পুলিশ। নিখোঁজের এক দিন পর আজ বুধবার সিলেটের একটি বাস কাউন্টার থেকে তাদের উদ্ধার করা হয়।
উদ্ধার হওয়া শিক্ষার্থীরা হলো— বালিয়াডাঙ্গীর চাড়োল ইউনিয়নের সাবাজপুর গ্রামের মানিক চন্দ্রের মেয়ে শ্রীমতি খুশি (১৭), একই গ্রামের বাংঠু দেবনাথের মেয়ে মলিকা (১৭), রমেশ চন্দ্র দেবনাথের মেয়ে ঋতু দেবনাথ (১৬) এবং আকালু দেবনাথের মেয়ে সুজতি রানী দেবনাথ (১৪)। এর মধ্যে খুশি, মলিকা ও ঋতু দেবনাথ সাবাজপুর উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণির এবং সুজতি অষ্টম শ্রেণির শিক্ষার্থী।
পুলিশ জানায়, মঙ্গলবার সকালে চার শিক্ষার্থী একসঙ্গে প্রাইভেট পড়তে যাওয়ার কথা বলে বাড়ি থেকে বের হয়। এরপর তারা আর বাড়ি ফেরেনি। পরিবারের সদস্যরা বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও সন্ধান না পেয়ে মঙ্গলবার রাতে বালিয়াডাঙ্গী থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেন।
পরে পুলিশ অনুসন্ধান চালিয়ে বুধবার সিলেটের একটি বাস কাউন্টার থেকে তাদের উদ্ধার করে। জানা গেছে, চার শিক্ষার্থী সেখানে গোয়াইনঘাটগামী একটি বাসের জন্য অপেক্ষা করছিল।
ঠাকুরগাঁওয়ের সহকারী পুলিশ সুপার স্নেহাশীষ কুমার দাস বিষয়টি নিশ্চিত করে জানান, চার স্কুলছাত্রীকে সিলেটের একটি বাস কাউন্টার থেকে উদ্ধার করা হয়েছে। তারা গোয়াইনঘাট যাওয়ার জন্য সেখানে অপেক্ষা করছিল। নিখোঁজের পর থেকেই পুলিশ তাদের উদ্ধারে কাজ করছিল।
এদিকে, কীভাবে তারা ঠাকুরগাঁও থেকে সিলেটে পৌঁছাল এবং এর পেছনে কারও প্ররোচনা ছিল কি না—তা খতিয়ে দেখছে পুলিশ।





