সুতার নাটাই সিন্ডিকেটের হাতে, মিলের কাঁধে লোকসান

সংগৃহীত ছবি
দেশের বস্ত্রশিল্পের অন্যতম গুরুত্বপূর্ণ কেন্দ্র নরসিংদী। একসময় তাঁতশিল্পের জন্য পরিচিত এ জনপদে আধুনিক বিদ্যুৎচালিত পাওয়ারলুমের প্রসারের সঙ্গে সঙ্গে গড়ে উঠেছে অসংখ্য টেক্সটাইল শিল্পপ্রতিষ্ঠান। দেশীয় কাপড়ের চাহিদার ৭০ থেকে ৮০ ভাগ উৎপাদন হয় জেলার টেক্সটাইলগুলোতে। কিন্তু দফায় দফায় সুতার দাম বাড়ায় চাপে পড়েছে কারখানাগুলো। উৎপাদন খরচ বেড়েছে কয়েকগুণ; কিন্তু সে অনুপাতে বাড়ছে না কাপড়ের দাম। অথচ সুতার দাম বাড়িয়ে শত শত কোটি টাকা হাতিয়ে নিচ্ছে সিন্ডিকেট।
গত দেড় মাসে বিভিন্ন সুতার দাম পাউন্ডে বেড়েছে ৩০ থেকে ৫০ টাকা। সরেজমিনে মাধবদীর সুতার বাজারে গিয়ে দেখা গেছে, এক মাস আগেও ৩০ কাউন্ট সুতার প্রতি পাউন্ডের মূল্য ছিল ১২০-১২৫ টাকা, যা বর্তমান বাজারে ১৫০ থেকে ১৬০ টাকায় বিক্রি হচ্ছে। ৪০ কাউন্ট সুতায় গড়ে ৩০ টাকা বেড়ে ১৯০-১৯৫ টাকায় বেচাকেনা চলছে। ৫০ কাউন্টের সুতা ১৯০ টাকা থেকে বেড়ে বিক্রি হচ্ছে ২১৫-২২৫ টাকায়। সবচেয়ে বেশি চাহিদাসম্পন্ন ৮০ কাউন্টের সুতা পাউন্ডপ্রতি ৩৫ টাকা বেড়ে বিক্রি হচ্ছে ৩৩০-৩৫০ টাকায়।
অভিযোগ উঠেছে, সুতা ব্যবসায়ী প্রতিষ্ঠানগুলো কৃত্রিম সংকট তৈরি করে দফায় দফায় দাম বাড়াচ্ছে। কখনো সকালে, কখনো বিকালে, এমনকি ঘণ্টায় ঘণ্টায় বাড়াচ্ছে দাম। সুতার দাম বাড়িয়ে সিন্ডিকেটটি গত দেড় মাসে টেক্সটাইল ও সাইজিং মালিকদের পকেট থেকে হাতিয়ে নিয়েছে শত শত কোটি টাকা।
অভিযোগ আছে, প্রকাশ্যে গদিতে পাওয়া না গেলেও অতিরিক্ত বা বাড়তি টাকা দিলেই বিভিন্ন গোপন গোডাউন থেকে সুতা বেরিয়ে আসছে ঠিকই।
এ অবস্থায় টেক্সটাইল কারখানার মালিকরা পড়েছেন বিপাকে। সুতা বাড়তি দামে কিনলেও কাপড় বিক্রি করতে হচ্ছে আগের দামেই।
মাধবদীর শিল্পকারখানার মালিকরা জানালেন, সুতার সিন্ডিকেট নিয়ন্ত্রণ করে সুবত দাসের মডার্ন ট্রেডিং, নিখিল সাহার অনিক ট্রেডার্স, বিনয় কৃষ্ণ আনন্দ ট্রেডিং, দোলন সাহার দোলন ট্রেনিং, এনায়েত ট্রেডার্স, সারোয়ার ট্রেডার্স, হক ট্রেডার্স, জিএস ট্রেডার্স, উৎপল দাসের ইশান ট্রেডার্স ও বনানী ট্রেডার্স, এসপি ট্রেডার্সসহ আরও বেশ কয়েকটি প্রতিষ্ঠান।
মাধবদী বাজারের সুতার গদিতে গেলে মিলছে না সুতা, তবে দাম বেশি দিলে বিভিন্ন গোডাউন থেকে সুতা সরবরাহ করা হচ্ছে। বিভিন্ন সুতার গোডাউনে গিয়ে দেখা গেছে সুতা মজুদ করা। আর সে সুতা কৃত্রিম সংকট দেখিয়ে বাড়ানো হচ্ছে দাম। এদিকে কারখানা সচল রাখতে প্রতি গজ কাপড়ে তিন থেকে পাঁচ টাকা লোকসান দিয়ে উৎপাদন চালিয়ে যেতে হচ্ছে শিল্প মালিকদের। সুতা না থাকায় কিছু কিছু প্রতিষ্ঠান উৎপাদন অর্ধেকে নিয়ে এসেছে।
নরসিংদীর চৌয়ালা টেক্সটাইল মালিক সমিতির সাধারণ সম্পাদক আসলাম ফকির বলেন, গদিতে গেলে বলে সুতা নেই। প্রতিদিন সকালে এক দাম, বিকালে আরেক দাম। আমার যারা তাঁতি, তাদের তো মিল চালু রাখতে হবে। শ্রমিকদের বেতন দিতে হবে। এ দাম দিয়ে সুতা কিনে কাপড় উৎপাদন করলে গজে তিন থেকে পাঁচ টাকা লোকসান গুনতে হচ্ছে।
তার অভিযোগ, যারা সুতা বিক্রি করছে তারা মনগড়া দাম বাড়াচ্ছে।
আরেক টেক্সটাইল মালিক মহিউদ্দিন বলেন, ৩৫ বছর ধরে কাপড় উৎপাদন করি, কখনো দেখিনি সুতার দাম এভাবে বাড়ে। আমরা তাঁতিরা শেষ হয়ে যাচ্ছি। আর সুতার মালিকরা সিন্ডিকেট করে শত শত কোটি টাকা হাতিয়ে নিচ্ছে। সরকারের কোনো নজরদারি না থাকায় সুতার বাজারের এ অবস্থা। সুতা না থাকায় আমরা এখন এক সিফট চালাই।
খান টেক্সটাইলের মালিক জহিরুল আলম খানের অভিযোগ, মডার্ন ইয়ান ট্রেডিংয়ের ম্যানেজার নিখিল সাহা পুরো সিন্ডিকেট নিয়ন্ত্রণ করেন। তিনি একাই সারা দেশে ৩০টি স্পিনিং মিলের সুতা নিয়ন্ত্রণ করেন।
গোডাউনভর্তি সুতা থাকার পরও কীভাবে সুতার সংকট জানতে আগামীর সময়ের প্রতিবেদক মুখোমুখি হন অভিযুক্ত কয়েক ব্যবসায়ীর সঙ্গে। তারা অভিযোগ অস্বীকার করে বলেছেন, আন্তর্জাতিক বাজারে তুলার দাম বৃদ্ধি ও সুতার সরবরাহ কম এবং স্পিনিং মিলস মালিকরা সুতার দাম বৃদ্ধি করার কারণে দাম বৃদ্ধি পেয়েছে।
মডার্ন ইয়ান ট্রেডার্সের ম্যানেজার নিখিল সাহার ভাষ্য, বাজারে সুতা নেই, তাই সুতার দাম বেড়েছে। সেই সঙ্গে তুলার দাম বাড়াও একটি কারণ। আবার সরকার এখন বন্ডের সুতা বন্ধ করে দিয়েছে, তাই দেশীয় মিলের সুতার দাম বেড়েছে। তার দাবি, সিন্ডিকেট বলতে বাজারে কিছু নেই। দাম বাড়ার পর তাঁতিরা সুতা না কিনলে তো সুতার দাম বাড়ত না।
আনন্দ ইয়াং ট্রেডিংয়ের স্বত্বাধিকারী বিনয় কৃষ্ণ বলেন, দাম বাড়লে টেক্সটাইল ও সাইজিং মালিকরা বেশি করে সুতা কেনেন, তখন আরও দাম বাড়ে। আর সুতার দাম স্পিনিং মিল মালিকরা বাড়িয়েছেন, পরে আমরা বাড়িয়েছি।
দোলন ট্রেডিংয়ের ম্যানেজার চন্দন বলেন, সুতার দাম বড় বড় মালিকরা বাড়িয়েছেন, আমরা না। আমরা ছোট ব্যবসা করি। তবে স্পিনিং মিলস মালিকরা বলছেন, সুতার দাম তারা বাড়াননি। এনআর স্পিনিং মিলের জিএম ফারুকুজ্জামান বললেন, সুতার দাম আমরা বাড়াইনি। ট্রেডিং প্রতিষ্ঠানগুলো বাজারের সুতার দাম নির্ধারণ করে।
মাধবদী বাজার মার্চেন্ট অ্যাসোসিয়েশনের সভাপতি আবু সালেহ চৌধুরী বললেন, এ শিল্পকে টিকিয়ে রাখতে তুলার দামের সঙ্গে সামঞ্জস্য রেখে সুতার দাম নির্ধারণ প্রয়োজন।



