খিচুড়ি নিয়ে বিরোধ, যুবককে গুলি

আনন্দ সূত্রধর
ঢাকার ধামরাইয়ে খিচুড়ি খাওয়া নিয়ে বিরোধের জেরে ভাড়াটে সন্ত্রাসী দিয়ে ভাতিজাকে গুলি করে হত্যাচেষ্টার অভিযোগ উঠেছে এক ব্যক্তির বিরুদ্ধে।
এ ঘটনায় আনন্দ সূত্রধর (২৫) নামে এক গার্মেন্টসকর্মী গুলিবিদ্ধ হয়েছেন। তিনি ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন।
আজ শনিবার দুপুরে উপজেলার কুশুরা ইউনিয়নের নরসিংহপুর ব্রিজের ওপর এ ঘটনা ঘটে।
আহত আনন্দ সূত্রধর ওই গ্রামের বিষ্ণু সূত্রধরের ছেলে। তিনি আশুলিয়ার একটি পোশাক কারখানায় কাজ করেন।
অভিযুক্ত চাচা শ্রীদাম সূত্রধর (৪০) একই গ্রামের মৃত নরেন্দ্র সূত্রধরের ছেলে। তিনি কুশুরা বাজারে দর্জির কাজ করেন।
স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা গেছে, গত বৃহস্পতিবার সন্ধ্যায় আনন্দের বাড়িতে খিচুড়ি খাওয়াকে কেন্দ্র করে চাচা-ভাতিজার মধ্যে বিরোধ সৃষ্টি হয়। ওই বিরোধের জেরে শ্রীদাম দুই অজ্ঞাত ব্যক্তিকে ভাড়া করেন বলে অভিযোগ উঠেছে। শনিবার দুপুরে নরসিংহপুর ব্রিজের ওপর ওই দুই ব্যক্তি আনন্দকে লক্ষ্য করে তিনটি গুলি ছোড়েন। এতে তার শরীরে দুটি গুলি লাগে। পরে স্থানীয় লোকজন এগিয়ে এলে হামলাকারীরা মোটরসাইকেলে দ্রুত পালিয়ে যান।
স্থানীয় দোলন নামে এক যুবক জানান, গত বৃহস্পতিবার আনন্দের বাড়িতে খিচুড়ি রান্না করা হয়েছিল। সেখানে শ্রীদাম সূত্রধরের স্ত্রী খিচুড়ি খেতে এসে বলেন, খিচুড়ি ভালো হয়নি। এ কথা শুনে আনন্দের মা বলেন, ‘খিচুড়ি রান্না করে খাইতি।’ এ নিয়ে তাদের মধ্যে ঝগড়ার সূত্রপাত হয়।
ধামরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নাজমুল হুদা খান বলেন, ‘ঘটনার খবর পেয়ে দ্রুত পুলিশ নিয়ে ঘটনাস্থলে যান তিনি। এ ঘটনায় জড়িত ভাড়াটে সন্ত্রাসী ও মূল পরিকল্পনাকারীকে গ্রেপ্তারের চেষ্টা চলছে।’




