রোয়াংছড়িতে আগুনে পুড়ল ১৬ বসতঘর, ২ দোকান
বান্দরবান প্রতিনিধি

রোয়াংছড়ি উপজেলায় আগুনে ১৬টি বসতঘর ও দুটি দোকান পুড়ে গেছে। ছবি: আগামীর সময়
বান্দরবানের রোয়াংছড়ি উপজেলায় আগুনে ১৬টি বসতঘর ও দুটি দোকান পুড়ে গেছে। গতকাল সোমবার রাত ১০টার দিকে উপজেলার তারাছা ইউনিয়নের বড়ইতলি পাড়ায় এ আগুনের ঘটনা ঘটে। স্থানীয়দের প্রায় দুই ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে।
তারাছা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান উ নু মং জানিয়েছেন, নাই ম্রা চিং মারমা নামে এক ব্যক্তির রান্নাঘর থেকে আগুনের সূত্রপাত হয়। প্রতিবেশীদের ধারণা, চুলায় তরকারি বসিয়ে তিনি পাশের একটি বাড়িতে টেলিভিশন দেখতে যান। এ সময় চুলার লাকড়ি পড়ে বেড়ায় আগুন লাগে। পরে তা আশপাশের বাড়ি ও দোকানে ছড়িয়ে পড়ে।
চেয়ারম্যান উ নু মং আরও জানিয়েছেন, ক্ষয়ক্ষতির পরিমাণ নিরূপণের কাজ চলছে। ক্ষতিগ্রস্তদের প্রয়োজনীয় সহায়তা দেওয়ার উদ্যোগ নেওয়া হয়েছে।
রোয়াংছড়ি ফায়ার সার্ভিস স্টেশনের দায়িত্বে থাকা ফায়ার ফাইটার এ্যানি বড়ুয়া জানিয়েছেন, রাত সোয়া ১১টার দিকে জাতীয় জরুরি সেবা ৯৯৯ থেকে বড়ইতলি পাড়ায় আগুন লাগার খবর আসে। বিষয়টি বান্দরবান ফায়ার স্টেশনকে জানানো হলেও যোগাযোগের ব্যবস্থা না থাকায় ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে যেতে পারেননি।




