শরণখোলায় গাছবোঝাই নছিমন উল্টে ব্যবসায়ীর মৃত্যু

ছবি: আগামীর সময়
বাগেরহাটের শরণখোলায় নিজের নছিমন দুর্ঘটনায় প্রাণ হারালেন গাছ ব্যবসায়ী সুজন মোল্লা (৩৮)। নিয়ন্ত্রণ হারিয়ে বিদ্যুতের খুঁটিতে ধাক্কা লেগে উল্টে যায় গাছবোঝাই নছিমন। সেই গাছের নিচেই চাপা পড়ে ঘটনাস্থলে মৃত্যু হয় তার।
দুর্ঘটনায় আহত হয়েছেন রিয়াদ (৩৫) নামে আরো এক শ্রমিক। তাকে ভর্তি করা হয়েছে শরণখোলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে।
বৃহস্পতিবার (৪ জুন) সকালে উপজেলার ধানসাগর ইউনিয়নের পহলানবাড়ি এলাকার ছুটুখার বাজারের পাশে ঘটে এ দুর্ঘটনাটি।
নিহত সুজন মোল্লা রায়েন্দা ইউনিয়নের উত্তর রাজাপুর গ্রামের হানিফ মোল্লার ছেলে। স্ত্রী ও আট বছর বয়সী একটি কন্যা সন্তান রয়েছে তার।
পরিবার সূত্র জানায়, প্রায় চার বছর ছিলেন সৌদি সুজন মোল্লা। তিন মাস আগে প্রবাসজীবনের ইতি টেনে ফিরে আসেন বাড়িতে। এরপর একটি স্যালো ইঞ্জিনচালিত নছিমন কিনে শুরু করেন গাছের ব্যবসা। গ্রাম থেকে গাছ কিনে চালান করতেন বিভিন্ন এলাকায়।
স্থানীয় সূত্রে জানায়, সকালে রাজাপুর থেকে নছিমনে গাছবোঝাই করে যাচ্ছিলেন উপজেলার গাজির ব্রিজ এলাকায়। পথিমধ্যে ছুটুখার বাজার এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে বিদ্যুতের খুঁটির সঙ্গে ধাক্কা লেগে উল্টে যায় নসিমনটি। আর গাছের নিচে চাপা পড়ে ঘটনাস্থলেই মারা যান তিনি।
শরণখোলা থানার ওসি মো. শামিনুল হক জানান, দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে খোঁজখবর নেওয়া হয়। তবে দুর্ঘটনা ও মৃত্যু নিয়ে কোনো অভিযোগ না থাকায় আইনি প্রক্রিয়া শেষে মরদেহটি হস্তান্তর করা হয়েছে পরিবারের কাছে।




