চাঁদপুরে পুকুর থেকে আ.লীগ নেতার মরদেহ উদ্ধার

নিহত দুলাল আলম প্রকাশ
চাঁদপুরে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের এক নেতার মরদেহ উদ্ধার করেছে পুলিশ। নিহত মো. দুলাল আলম প্রকাশ (৬৫) কালচোঁ দক্ষিণ ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি ও সাবেক ইউপি সদস্য।
আজ বুধবার দুপুরে হাজীগঞ্জে কালচোঁ দক্ষিণ ইউনিয়নের নোয়াপাড়া এলাকার একটি পুকুর থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।
বিষয়টি নিশ্চিত করেছেন ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান গোলাম মোস্তফা স্বপন।
নিহত দুলাল আলম নোয়াপাড়া গ্রামের ‘লন্ডনি বাড়ির’ মৃত আব্দুল লতিফের ছেলে। তিনি ওই ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের সাবেক ইউপি সদস্য । তার স্ত্রী, তিন ছেলে ও এক মেয়ে রয়েছে।
স্থানীয়রা জানান, বুধবার দুপুরে পুকুরের পানিতে দুলাল আলমের মরদেহ ভাসতে দেখে পরিবারের সদস্য ও স্থানীয়রা তাকে উদ্ধার করেন। এ সময় তার মাথায় রক্তাক্ত জখম ও আঘাতের চিহ্ন দেখতে পান তারা। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে সুরতহাল প্রতিবেদন তৈরি করে মরদেহ থানায় নিয়ে যায়।
হাজীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কাওসার আলম ভূঁইয়া জানান, ময়নাতদন্তের জন্য মরদেহ চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হবে। ঘটনাটি তদন্ত করা হচ্ছে। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।



