গাজীপুরে ট্রেন আটকে এলাকাবাসীর বিক্ষোভ

যমুনা ও হাওর এক্সপ্রেস ট্রেনের যাত্রাবিরতির দাবিতে বিক্ষোভ করেছেন স্থানীয় বাসিন্দারা। ছবি: আগামীর সময়
গাজীপুরের রাজেন্দ্রপুর রেলস্টেশনে যমুনা ও হাওর এক্সপ্রেস ট্রেনের যাত্রাবিরতির দাবিতে বিক্ষোভ করেছেন স্থানীয় বাসিন্দারা। এ সময় তারা দুটি ট্রেন আটকে রেখে যাত্রাবিরতি দিতে বাধ্য করেন। এতে ঢাকা-ময়মনসিংহ রেলপথে ট্রেন চলাচল বিঘ্নিত হয়। পরে উপজেলা প্রশাসনের আশ্বাসে বিক্ষোভকারীরা সরে গেলে সকাল ১০টার দিকে ট্রেন চলাচল স্বাভাবিক হয়।
আজ শনিবার সকাল ৬টার দিকে রাজেন্দ্রপুর রেলস্টেশন এলাকায় এ বিক্ষোভ শুরু হয়। একপর্যায়ে বিক্ষোভকারীরা তিস্তা এক্সপ্রেস ও যমুনা এক্সপ্রেস ট্রেন আটকে দেন। তাদের দাবি, রাজেন্দ্রপুর স্টেশনে যমুনা ও হাওর এক্সপ্রেসের যাত্রাবিরতি নিশ্চিত করতে হবে।
রাজাবাড়ী ইউনিয়ন বিএনপির আহ্বায়ক নাজমুল হুদা শাহীন ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা জানান, রাজেন্দ্রপুর রেলস্টেশনটি এলাকার জন্য গুরুত্বপূর্ণ। দীর্ঘদিন ধরে রেলওয়ে কর্তৃপক্ষের কাছে যমুনা ও হাওর এক্সপ্রেসের যাত্রাবিরতির দাবি জানিয়ে আসছেন তারা। তবে এ বিষয়ে কর্তৃপক্ষ কোনো সিদ্ধান্ত না নেওয়ায় শনিবার রেললাইনে অবস্থান নিয়ে বিক্ষোভ করেন এলাকাবাসী।
জয়দেবপুর রেলওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ ফারুক হোসেন জানিয়েছেন, সকাল ৬টার দিকে বিক্ষোভকারীরা তিস্তা এক্সপ্রেস ট্রেনের ইঞ্জিনের সামনে অবরোধ করে লাল ব্যানার টানিয়ে দেন। পরে তাদের বুঝিয়ে সেখান থেকে সরিয়ে দেওয়া হয়। সকাল ৯টার দিকে তারা ঢাকাগামী যমুনা এক্সপ্রেসের সামনে অবস্থান নিয়ে ট্রেনটির যাত্রাবিরতি নিশ্চিত করেন।
খবর পেয়ে শ্রীপুর উপজেলা ভূমি কর্মকর্তা ও পুলিশ প্রশাসনের সদস্যরা ঘটনাস্থলে যান। তারা বিক্ষোভকারীদের দাবি পূরণের আশ্বাস দিলে তারা কর্মসূচি প্রত্যাহার করেন। এরপর সকাল ১০টার দিকে রেলপথে ট্রেন চলাচল স্বাভাবিক হয়।
এদিকে রাজেন্দ্রপুর স্টেশনে ট্রেন আটকে থাকায় যাত্রীদের দুর্ভোগ পোহাতে হয়।



