জনবল ও ওষুধ সংকটে গজারিয়ায় স্বাস্থ্যসেবা ব্যাহত, ৮২ পদের ৪০টিই শূন্য

সংগৃহীত ছবি
মুন্সীগঞ্জের গজারিয়া উপজেলার ছয়টি ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্র এবং আরডি (রুরাল ডেভেলপমেন্ট) কেন্দ্রগুলোয় দীর্ঘদিন ধরে জনবল, ওষুধ ও প্রয়োজনীয় উপকরণ সংকট চলছে। এতে ব্যাহত হচ্ছে প্রাথমিক স্বাস্থ্যসেবা ও পরিবার পরিকল্পনা কার্যক্রম। প্রয়োজনীয় সেবা থেকে বঞ্চিত হচ্ছেন হাজারো নারী, শিশু ও কিশোরী।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, গজারিয়া উপজেলা পরিবার পরিকল্পনা কার্যালয়সহ ছয়টি ইউনিয়ন কেন্দ্রের অনুমোদিত ৮২টি পদের মধ্যে ৪০টিই শূন্য। অর্থাৎ অর্ধেকেরও কম জনবল দিয়ে চলছে এসব স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠান। পাশাপাশি এক বছর ধরে চাহিদা অনুযায়ী ওষুধ সরবরাহ না পাওয়ায় ব্যাহত হচ্ছে সেবা কার্যক্রম।
সোমবার (৯ নভেম্বর) দুপুরে গজারিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সভাকক্ষে উপজেলা পরিবার পরিকল্পনা বিভাগের মাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন মুন্সীগঞ্জ জেলা পরিবার পরিকল্পনা বিভাগের উপপরিচালক মোহাম্মদ ফখরুল আলম। বিশেষ অতিথি ছিলেন সহকারী পরিচালক চৌধুরী মোরশেদ আলম। সভায় সভাপতিত্ব করেন গজারিয়া উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা আজম উদ্দিন মাহমুদ।
সভায় ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রগুলোয় স্বাভাবিক প্রসবসেবা এবং পরিবার পরিকল্পনা কার্যক্রম বাড়ানোর বিষয়ে আলোচনা হয়।
উপজেলা পরিবার পরিকল্পনা কার্যালয় সূত্রে জানা গেছে, উপসহকারী কমিউনিটি মেডিকেল অফিসারের চারটি পদের বিপরীতে কর্মরত রয়েছেন মাত্র একজন। পরিবার কল্যাণ পরিদর্শিকার ৯টি পদের বিপরীতে আছেন ৬জন। আর পরিবার কল্যাণ সহকারীর ৩৫টি পদের বিপরীতে কর্মরত রয়েছেন মাত্র ১২ জন।
সংশ্লিষ্ট ব্যক্তিরা জানান, ইউনিয়ন পর্যায়ের স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রগুলোয় নারী ও শিশুর প্রাথমিক স্বাস্থ্যসেবা, কৈশোরবান্ধব স্বাস্থ্যসেবা ও পরামর্শ দেওয়া হয়। বয়ঃসন্ধিকালে শারীরিক ও মানসিক পরিবর্তন, খাদ্য ও পুষ্টি, বাল্যবিবাহ প্রতিরোধ, পরিবার পরিকল্পনা এবং মাদকাসক্তি প্রতিরোধ বিষয়ে সচেতনতামূলক পরামর্শ দেওয়া হয়। পাশাপাশি সাধারণ রোগ, রক্তস্বল্পতা, যৌন ও প্রজননতন্ত্রের সংক্রমণ এবং মাসিকসংক্রান্ত সমস্যার চিকিৎসা ও ব্যবস্থাপত্র দেওয়ার কথা। তবে জনবল ও ওষুধ সংকটে এসব সেবা নিয়মিত ও যথাযথভাবে দেওয়া সম্ভব হচ্ছে না।
জন্মনিয়ন্ত্রণ পদ্ধতি সম্পর্কে সচেতনতা তৈরি এবং উপকরণ বিতরণের জন্য উপজেলার ইউনিয়ন পর্যায়ে পরিবার পরিকল্পনা পরিদর্শক ও পরিবার কল্যাণ সহকারীরা কাজ করেন। তাদের সপ্তাহে চার দিন বাড়ি বাড়ি গিয়ে দম্পতিদের সঙ্গে আলোচনা এবং পরিবার পরিকল্পনার উপকরণ বিতরণের কথা। কিন্তু জনবল ও উপকরণের ঘাটতির কারণে অনেক কর্মী নিয়মিত বাড়ি বাড়ি যেতে পারছেন না। কেউ কেউ দম্পতিদের বিকল্প ব্যবস্থা গ্রহণ অথবা সরবরাহ স্বাভাবিক না হওয়া পর্যন্ত বাজার থেকে প্রয়োজনীয় উপকরণ সংগ্রহের পরামর্শ দিচ্ছেন বলে জানিয়েছেন সংশ্লিষ্ট উপকারভোগীরা।
গুয়াগাছিয়া ইউনিয়ন পরিবার পরিকল্পনা কেন্দ্রের আওতাভুক্ত কয়েকজন বাসিন্দা জানান, সপ্তাহে দু-এক দিন অল্প সময়ের জন্য সেখানে নামমাত্র সেবা পাওয়া যায়। সম্প্রতি কার্যদিবসে গজারিয়া স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রে গিয়ে একজন কর্মীকে টেবিলে মাথা রেখে ঘুমাতে দেখা যায়। এ সময় ভবনের নিচতলার অন্য কক্ষগুলোও তালাবদ্ধ ছিল।
গজারিয়া উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা আজম উদ্দিন মাহমুদ বলেন, ‘চাহিদার তুলনায় আমাদের জনবল অর্ধেক। প্রায় এক বছর ধরে পর্যাপ্ত ওষুধ সরবরাহ পাচ্ছি না।’
মুন্সীগঞ্জ জেলা পরিবার পরিকল্পনা বিভাগের উপপরিচালক মোহাম্মদ ফখরুল আলম বলেন, ‘আমাদের এখানে ওষুধ ও জনবল সংকট রয়েছে। মামলাজনিত কারণে আপাতত লোকবল নিয়োগপ্রক্রিয়া বন্ধ রয়েছে।’
তৃণমূল পর্যায়ে পরিবার পরিকল্পনা ও প্রাথমিক স্বাস্থ্যসেবার মান বাড়াতে দ্রুত জনবল নিয়োগ, পর্যাপ্ত ওষুধ ও প্রয়োজনীয় উপকরণ সরবরাহ নিশ্চিত করার দাবি জানিয়েছেন সেবাগ্রহীতারা।




