মুন্সিগঞ্জ
দুই ঘণ্টা অপেক্ষায়ও মেলেনি বক্তব্য, ডিসির সাক্ষাৎ পেলেন না সাংবাদিকরা

সংগৃহীত ছবি
মুন্সিগঞ্জে নদী, খাল ও তিন ফসলি জমি ভরাট করে জাহাজ নির্মাণ প্রতিষ্ঠান ‘থ্রি অ্যাঙ্গেল মেরিন’ গড়ে তোলার অভিযোগের বিষয়ে জেলা প্রশাসকের বক্তব্য নিতে গিয়ে প্রায় দুই ঘণ্টা অপেক্ষা করেও তা পাননি তিন সাংবাদিক।
আজ বুধবার বেলা সাড়ে ১১টা থেকে দুপুর দেড়টা পর্যন্ত জেলা প্রশাসকের কার্যালয়ে অপেক্ষার পর বক্তব্য ছাড়াই ফিরে যান তারা। এ ঘটনায় সাংবাদিকদের মধ্যে অসন্তোষ দেখা দেয়।
বক্তব্য নিতে যাওয়া সাংবাদিকেরা হলেন আরটিভির মুন্সিগঞ্জ প্রতিনিধি হামিদুল ইসলাম লিংকন, বাংলাদেশ প্রতিদিনের জেলা প্রতিনিধি আবু সাঈদ সৌরভ ও বাংলা এডিশনের জেলা প্রতিনিধি নাছির উদ্দিন।
জানা যায়, মেঘনা ও ফুলদী নদীসংলগ্ন এলাকায় সরকারি খাসজমি, নদী, খাল ও স্থানীয়দের ফসলি জমি দখল করে স্থাপনা নির্মাণসহ বিভিন্ন অনিয়মের অভিযোগ রয়েছে থ্রি অ্যাঙ্গেল মেরিনের বিরুদ্ধে। এসব অভিযোগের বিষয়ে জেলা প্রশাসক সৈয়দা নূর মহল আশরাফীর বক্তব্য জানতে বুধবার তার কার্যালয়ে যান সাংবাদিকরা।
সাংবাদিকদের অভিযোগ, বেলা সাড়ে ১১টার দিকে জেলা প্রশাসকের কার্যালয়ে গিয়ে স্টাফ অফিসার ও সহকারী কমিশনার উম্মে নাজনীন নিশাতের মাধ্যমে সাক্ষাতের চেষ্টা করেন তারা। এ সময় তাদের ভিজিটিং কার্ড নিয়ে অপেক্ষা করতে বলা হয়। পরে একাধিকবার আলোচনার বিষয় জানানো হলেও জেলা প্রশাসকের বক্তব্য পাওয়া যায়নি। প্রায় দুই ঘণ্টা অপেক্ষার পর তারা কার্যালয় ত্যাগ করেন।
আরটিভির প্রতিনিধি হামিদুল ইসলাম লিংকন বলেন, তিন মাস আগে একই বিষয়ে জেলা প্রশাসকের বক্তব্য চাইতে গেলে তিনি দুই দিন সময় নিয়েছিলেন। এরপর একাধিকবার যোগাযোগের চেষ্টা করেও তার বক্তব্য পাওয়া যায়নি। বুধবার সরাসরি কার্যালয়ে গিয়েও দীর্ঘ সময় অপেক্ষার পর বক্তব্য ছাড়াই ফিরতে হয়েছে।
লিংকন আরও বলেন, এ ঘটনায় সাংবাদিকেরা অসন্তোষ প্রকাশ করলে অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) শরীফ উল্যাহ তাদের সঙ্গে কথা বলেন। এ সময় তিনি জেলা প্রশাসকের ব্যস্ততার কথা উল্লেখ করে বিষয়টি নিয়ে সংবাদ প্রকাশ না করার অনুরোধ জানান।
বাংলা এডিশনের জেলা প্রতিনিধি নাছির উদ্দিন বলেন, গুরুত্বপূর্ণ জনস্বার্থসংশ্লিষ্ট একটি সংবাদে বক্তব্য নিতে গিয়ে দীর্ঘ সময় অপেক্ষা করতে হয়েছে। এতে তাদের অন্যান্য সংবাদ সংগ্রহ ও প্রচার কার্যক্রম ব্যাহত হয়েছে। এ বিষয়ে বিভাগীয় কমিশনারের কাছে অভিযোগ জানাবেন বলেও জানান তিনি।
বাংলাদেশ প্রতিদিনের জেলা প্রতিনিধি আবু সাঈদ সৌরভ বলেন, জেলার গুরুত্বপূর্ণ বিভিন্ন বিষয়ে বক্তব্য চাইতে গিয়ে সাংবাদিকদের প্রায়ই অসহযোগিতার মুখে পড়তে হয়। একাধিকবার ফোন করেও জেলা প্রশাসকের সঙ্গে যোগাযোগ করা সম্ভব হয় না। জেলার উন্নয়ন ও জনস্বার্থসংশ্লিষ্ট বিষয় তুলে ধরতে প্রশাসন ও গণমাধ্যমকর্মীদের মধ্যে সহযোগিতামূলক সম্পর্ক থাকা জরুরি।
এ বিষয়ে ঢাকা বিভাগের বিভাগীয় কমিশনার মনিরুজ্জামান মিঞার মুঠোফোনে যোগাযোগ করা হলে তার ব্যক্তিগত সহকারী ফোন রিসিভ করেন। তিনি জানান, বিভাগীয় কমিশনার বৈঠকে রয়েছেন এবং বিষয়টি তাকে অবহিত করা হবে।
তবে পরবর্তী সময়ে একাধিকবার ফোন করেও তার সঙ্গে কথা বলা সম্ভব হয়নি।




