দুর্গাপুর
স্বেচ্ছাসেবক দলের কাউন্সিলে পদ নিয়ে দুপক্ষের হাতাহাতি

কমিটির পদপ্রত্যাশীদের নাম প্রস্তাবকে কেন্দ্র করে রাজশাহীর দুর্গাপুরে স্বেচ্ছাসেবক দলের কাউন্সিল অধিবেশনে উত্তেজনা ছড়িয়েছে। একপর্যায়ে স্থানীয় বিএনপির এক নেতা ও স্বেচ্ছাসেবক দলের নেতাদের অনুসারীদের মধ্যে ধাক্কাধাক্কি ও হাতাহাতির ঘটনা ঘটে। পরে বিএনপি ও স্বেচ্ছাসেবক দলের নেতারা হস্তক্ষেপ করে পরিস্থিতি শান্ত করেন।
আজ সোমবার সন্ধ্যায় উপজেলার ৭ নম্বর জয়নগর ইউনিয়ন পরিষদ মাঠে এ ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শী ও স্থানীয় নেতাকর্মীদের সূত্রে জানা গেছে, জয়নগর ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের নতুন কমিটি গঠনের লক্ষ্যে কাউন্সিল অধিবেশনে বিভিন্ন পদের সম্ভাব্য প্রার্থীদের নাম প্রস্তাব করা হচ্ছিল। এ সময় একজন আওয়ামী লীগ সমর্থকের নাম প্রস্তাব করা হয়েছে বলে অভিযোগ তোলেন স্থানীয় বিএনপি নেতা ও সাবেক ইউপি সদস্য মোখলেস মেম্বার।
বিষয়টি নিয়ে তিনি রাজশাহী জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্যসচিব শাহরিয়ার আমিন বিপুলের কাছে অভিযোগ করেন। এ সময় শাহরিয়ার আমিন বিপুল ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়ে তাকে উদ্দেশ করে বলেছেন, ‘আপনি কি আমাকে হুমকি দিচ্ছেন?’ এ নিয়ে দুজনের মধ্যে উত্তপ্ত বাক্যবিনিময় হয়।
একপর্যায়ে দুর্গাপুর উপজেলা স্বেচ্ছাসেবক দলের নেতা হাবিব মোখলেস মেম্বারকে ধাক্কা দেন বলে অভিযোগ করেন তার অনুসারীরা। এ সময় মোখলেস মেম্বারের অনুসারীরা এগিয়ে এলে দুপক্ষের মধ্যে ধাক্কাধাক্কি ও হাতাহাতি শুরু হয়। পরে উপস্থিত বিএনপি ও জেলা স্বেচ্ছাসেবক দলের নেতারা এগিয়ে এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন।
এ বিষয়ে মোখলেস মেম্বার বলেছেন, কাউন্সিলে আওয়ামী লীগের কর্মী জসিমের নাম প্রস্তাব করা হলে তিনি প্রতিবাদ জানান। এ সময় জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্যসচিব শাহরিয়ার আমিন বিপুলের সামনেই উপজেলা স্বেচ্ছাসেবক দলের নেতা হাবিব তাকে ধাক্কা দেন। পরে স্থানীয় নেতা হিসেবে তার অনুসারীরা হাবিবকে প্রতিহত করতে এগিয়ে আসেন। এতে দুপক্ষের মধ্যে ধাক্কাধাক্কি হয়। পরে স্থানীয় নেতারা বিষয়টি মীমাংসা করে দেন।
তবে এ বিষয়ে শাহরিয়ার আমিন বিপুলের বক্তব্য পাওয়া যায়নি। তার মোবাইল ফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি কল রিসিভ করেননি।
এ বিষয়ে অনুষ্ঠানের সভাপতি ও দুর্গাপুর উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক জিলহাজ মাহমুদ বলেছেন, জয়নগরে কাউন্সিলকে কেন্দ্র করে কর্মী-সমর্থকদের মধ্যে কিছুটা হট্টগোল হয়েছে। তবে কোনো মারামারির ঘটনা ঘটেনি এবং এতে কেউ আহতও হননি। একটি পক্ষ পরিকল্পিতভাবে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করেছে।'
এর আগে বিকালে একই মাঠে জয়নগর ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের কাউন্সিল অধিবেশন শুরু হয়। এতে প্রধান অতিথি ছিলেন জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মাসুদুর রহমান লিটন। দুর্গাপুর উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক জিলহাজ মাহমুদের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান বক্তা ছিলেন জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্যসচিব শাহরিয়ার আমিন বিপুল। বিশেষ বক্তা ছিলেন জেলা স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক আরেফিন কনক।
উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্যসচিব আফজাল হোসেনের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন জেলা বিএনপির সদস্য সাইদুর রহমান মন্টু, দুর্গাপুর উপজেলা বিএনপির আহ্বায়ক কামরুজ্জামান আয়নাল, সদস্যসচিব অধ্যাপক জোবায়েদ হোসেন, সদস্য জার্জিস হোসেন সোহেল এবং উপজেলা যুবদলের সাবেক সিনিয়র যুগ্ম আহ্বায়ক মাইনুল ইসলামসহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।




