চাঁদা না পেয়ে সিরাজদিখানে উন্নয়নকাজে বাধার অভিযোগ বিএনপির ৩ নেতার বিরুদ্ধে

ছবি: আগামীর সময়
মুন্সীগঞ্জের সিরাজদিখানে চাঁদা না দেওয়ায় সরকারি উন্নয়ন প্রকল্পের আওতায় সড়ক নির্মাণকাজে বাধা দেওয়ার অভিযোগ উঠেছে বিএনপির তিন নেতার বিরুদ্ধে। ঠিকাদারের অভিযোগ, কাজ শুরু করতে গেলে তারা শ্রমিকদের হুমকি দেন এবং নির্মাণসামগ্রী ও যন্ত্রপাতি সরিয়ে নিতে বলেন। এতে নিরাপত্তার শঙ্কায় কাজ বন্ধ রেখে ঘটনাস্থল ছাড়তে বাধ্য হন ঠিকাদার ও শ্রমিকেরা।
গত শনিবার উপজেলার বালুচর ইউনিয়নের মোল্লাকান্দি সরকারি প্রাথমিক বিদ্যালয় এলাকায় এ ঘটনা ঘটে।
অভিযুক্ত ব্যক্তিরা হলেন, বালুচর ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি জমির মুন্সী, সহসভাপতি মহিউদ্দিন মোল্লা ও সদস্য মাঈনউদ্দিন মুন্সী।
এ ঘটনায় প্রতিকার চেয়ে সিরাজদিখান উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কার্যালয়ে লিখিত অভিযোগ দিয়েছেন ঠিকাদারি প্রতিষ্ঠান এ আর এন্টারপ্রাইজের স্বত্বাধিকারী মো. জুয়েল রানা জুলহাস।
অভিযোগ সূত্রে জানা যায়, স্থানীয় সরকার উন্নয়ন প্রকল্পের আওতায় বালুচর ইউনিয়নের বিভিন্ন এলাকায় কয়েকটি সড়ক নির্মাণ ও সংস্কারের কাজের দায়িত্ব পান জুয়েল রানা। প্রকল্পের আওতায় কয়রাখোলা এলাকায় আক্কাস মোল্লার বাড়ি থেকে মসজিদ পর্যন্ত আরসিসি সড়ক, মোল্লাকান্দি সরকারি প্রাথমিক বিদ্যালয় থেকে সৈয়দ মুন্সীর বাড়ি পর্যন্ত আরসিসি সড়ক এবং মুরাদনগরে হামিদের বাড়ি থেকে আবদুর রবের বাড়ি পর্যন্ত বিএফএস সড়ক নির্মাণের কাজ রয়েছে।
ঠিকাদার জুয়েল রানা জুলহাস অভিযোগ করেন, গত শনিবার মোল্লাকান্দি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে আরসিসি ঢালাইয়ের কাজ শুরু করতে শ্রমিক ও প্রয়োজনীয় নির্মাণসামগ্রী নিয়ে যান তিনি। এ সময় অভিযুক্ত তিন বিএনপি নেতা সেখানে উপস্থিত হয়ে কাজে বাধা দেন। তারা চাঁদা দাবি করে বলেন, চাঁদা না দিয়ে ওই এলাকায় সড়কের উন্নয়নকাজ করা যাবে না। একপর্যায়ে শ্রমিকদের চলে যেতে এবং নির্মাণকাজের জন্য আনা যন্ত্রপাতি ও সরঞ্জাম সরিয়ে নিতে নির্দেশ দেন তারা। এ সময় জুয়েল রানাকেও বিভিন্ন ধরনের হুমকি দেওয়া হয়।
জুয়েল রানা বললেন, অভিযুক্ত ব্যক্তিদের এমন আচরণে শ্রমিকদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। নিজের ও শ্রমিকদের নিরাপত্তার কথা বিবেচনা করে কাজ বন্ধ রেখে ঘটনাস্থল ছাড়তে হয়। এতে সরকারি অর্থায়নে নেওয়া উন্নয়ন প্রকল্পের কাজ বাস্তবায়ন বাধাগ্রস্ত হচ্ছে।
তবে চাদা দাবির অভিযোগ অস্বীকার করেছেন বালুচর ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি জমির মুন্সী। তিনি বললেন, ‘আমরা কোনো ধরনের চাঁদা দাবি করিনি। নির্মাণাধীন সড়কে নিম্নমানের নির্মাণসামগ্রী ব্যবহার করা হচ্ছে। এ কারণে কাজে বাধা দিয়েছি।’
এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) খন্দকার মাহমুদুল হাসান বলেছেন, অভিযোগটি তদন্তের জন্য উপজেলা প্রকৌশল বিভাগে পাঠানো হয়েছে। তদন্তে ঘটনার সত্যতা পাওয়া গেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।



