গোবিন্দগঞ্জ
উঠানে খেলছিল দুই বছরের নাফিসা, প্রাণ গেল পুকুরে ডুবে
গোবিন্দগঞ্জ (গাইবান্ধা) প্রতিনিধি

গ্রাফিকস: আগামীর সময়
গাইবান্ধার গোবিন্দগঞ্জে পুকুরের পানিতে ডুবে নাফিসা হাসান নামে দুই বছরের এক শিশুর মৃত্যু হয়েছে।
আজ রবিবার দুপুরে উপজেলার সাপমারা ইউনিয়নের জিরাই গ্রামে এ ঘটনা ঘটে। নাফিসা গ্রামের রবিউল হাসানের মেয়ে।
স্থানীয় সূত্রে জানা গেছে, দুপুর আনুমানিক ১টার দিকে বাড়ির উঠানে অন্য শিশুদের সঙ্গে খেলছিল নাফিসা। খেলার একপর্যায়ে সবার অগোচরে বাড়ির পাশের পুকুরে পড়ে যায় সে। কিছুক্ষণ পর শিশুটির মা ঘর থেকে উঠানে এসে অন্য শিশুদের খেলতে দেখলেও নাফিসাকে দেখতে পাননি। পরে তিনি আশপাশের বাড়িতে খোঁজাখুঁজি শুরু করেন।
এর প্রায় এক ঘণ্টা পর বাড়ির পাশের পুকুরে কিছু একটা ভেসে উঠতে দেখে স্থানীয় লোকজন চিৎকার শুরু করেন। পরে পরিবারের সদস্যরা পুকুরে নেমে নাফিসার মরদেহ উদ্ধার করেন।
স্থানীয় গণমাধ্যমকর্মী এনামুল হক পুকুরের পানিতে ডুবে শিশুটির মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।




