এম সাইফুর রহমানের ১৭তম মৃত্যুবার্ষিকী পালিত

বিএনপির বর্ষীয়ান নেতা এম সাইফুর রহমান
মৌলভীবাজারে সাবেক অর্থ ও পরিকল্পনামন্ত্রী এবং বিএনপির বর্ষীয়ান নেতা এম সাইফুর রহমানের ১৭তম মৃত্যুবার্ষিকী পালিত হয়েছে। গতকাল শনিবার দিনব্যাপী মরহুমের পরিবার, সাইফুর রহমান স্মৃতি পরিষদ ও বিএনপির উদ্যোগে পালন করা হয় বিভিন্ন কর্মসূচি।
সকালে মৌলভীবাজার সদর উপজেলার বাহারমর্দনে এম সাইফুর রহমানের গ্রামের বাড়িতে কোরআন খতম ও তার কবরে পুষ্পস্তবক অর্পণের মধ্য দিয়ে নিবেদন করা হয় শ্রদ্ধা। পরে মিলাদ, দোয়া মাহফিলের পাশাপাশি বিতরণ করা হয় শিরনি।
এ সময় উপস্থিত ছিলেন জাতীয় সংসদের হুইপ আলহাজ জি কে গউছ, এম সাইফুর রহমানের ছেলে বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও মৌলভীবাজার-৩ আসনের সংসদ সদস্য এম নাসের রহমান, পরিবারের সদস্য, সাইফুর রহমান স্মৃতি পরিষদের নেতৃবৃন্দ এবং বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা। শাহাদতবার্ষিকী উপলক্ষে এসএসসি পরীক্ষায় জিপিএ ৫ পাওয়া অসচ্ছল মেধাবী শিক্ষার্থীদের মধ্যে দেওয়া হয় আর্থিক অনুদান ও সনদ। পাশাপাশি আলাদাভাবে আয়োজন করা হয় বিনামূল্যে চক্ষু শিবিরের।





