বরিশালে পৃথক অভিযানে ৩০০ ইয়াবাসহ আটক ২

গ্রাফিকস: আগামীর সময়
বরিশালে মহানগর গোয়েন্দা পুলিশের পৃথক অভিযানে ৩০০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারিকে আটক করা হয়েছে। শুক্রবার (৩০ অক্টোবর) ভোর ও সকালে নগরের কাউনিয়া ও নথুল্লাবাদ এলাকায় অভিযান চালিয়ে তাঁদের আটক করা হয়।
আটকৃতরা হলেন- গৌরনদী উপজেলার ৬ নম্বর ওয়ার্ডের গোবর্ধন গ্রামের বাসিন্দা রুমান সরদার এবং উজিরপুর উপজেলার হারতা ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের কুচিয়ারপাড় এলাকার প্রশান্ত দাস।
বরিশাল মহানগর পুলিশের মিডিয়া সেলে দায়িত্বে থাকা উপপরিদর্শক তানজিল ইসলাম জানান, শুক্রবার ভোরে গোপন সংবাদের ভিত্তিতে মহানগর গোয়েন্দা পুলিশ কাউনিয়ার জেলখালপাড় সড়কের মধুমিয়ার পুল এলাকায় অভিযান চালায়। এ সময় ২০০ পিস ইয়াবাসহ প্রশান্ত দাসকে আটক করা হয়।
অন্যদিকে, সকালে নথুল্লাবাদ বাস টার্মিনাল এলাকায় অভিযান চালায় গোয়েন্দা পুলিশ। এ সময় বিএমএফ বাস কাউন্টারের সামনে থেকে ১০০ পিস ইয়াবাসহ রুমান সরদারকে আটক করা হয়।
তানজিল ইসলাম জানান, আটক প্রশান্তের বিরুদ্ধে কাউনিয়া থানায় এবং রুমানের বিরুদ্ধে এয়ারপোর্ট থানায় আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে।
এদিকে, বৃহস্পতিবার বরিশাল মহানগর পুলিশের বিশেষ অভিযানে ৩২ পিস ইয়াবা, মাদক বিক্রির ৯ লাখ ৩০ হাজার ৭০০ টাকা, ৬০ বোতল নেশাজাতীয় সিরাপ ও ২১৫ গ্রাম গাঁজাসহ তিনজনকে আটক করা হয়।
এ ছাড়া গ্রেপ্তারি পরোয়ানায় পাঁচজন, নিয়মিত মামলায় একজন, অন্যান্য আইনে ছয়জন এবং মহানগর অধ্যাদেশ আইনে নয়জনকে আটক করা হয়েছে। সব মিলিয়ে ওই অভিযানে ২৪ জনকে আটক করা হয় বলে শুক্রবার বিকেলে নিশ্চিত করেছেন উপপরিদর্শক তানজিল ইসলাম।




