ধর্ষণচেষ্টার ভিডিও ভাইরাল, যুবদল নেতা বহিষ্কার

বহিষ্কৃত যুবদল নেতা হযরত আলী মন্ডল
সামাজিক যোগাযোগমাধ্যমে এক নারীকে ধর্ষণচেষ্টার ভিডিও ছড়িয়ে পড়ার ঘটনায় ময়মনসিংহের ফুলবাড়িয়ায় যুবদল নেতা মো. হযরত আলী মন্ডলকে দল থেকে বহিষ্কার করা হয়েছে। তিনি পুটিজানা ইউনিয়ন যুবদলের সাংগঠনিক সম্পাদক ছিলেন। এ ঘটনায় ভুক্তভোগী নারীর করা মামলায় হযরত আলীকে আসামি করা হয়েছে।
শুক্রবার (৩০ অক্টোবর) রাতে ময়মনসিংহ দক্ষিণ জেলা যুবদলের দপ্তর সম্পাদক সাব্বির খানের সই করা এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, দলীয় নীতি ও আদর্শ পরিপন্থী নৈতিক স্খলনজনিত কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে হযরত আলীকে দলীয় পদ থেকে বহিষ্কার করা হয়েছে। একই সঙ্গে যুবদলের নেতাকর্মীদের তার সঙ্গে সাংগঠনিক সম্পর্ক না রাখার নির্দেশ দেওয়া হয়েছে।
হযরত আলী মন্ডল (৩৮) ফুলবাড়িয়া উপজেলার পুটিজানা ইউনিয়নের বৈলাজান গ্রামের জয়নাল মন্ডলের ছেলে। তিনি পুটিজানা ইউনিয়ন যুবদলের সাংগঠনিক সম্পাদক ছিলেন। পাশের গ্রামের এক নারীর (৪৬) সঙ্গে জোরপূর্বক ধর্ষণচেষ্টার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। এ ঘটনায় ওই নারী বাদী হয়ে গতকাল ফুলবাড়িয়া থানায় হযরত আলীকে আসামি করে মামলা করেন।
মামলার এজাহার ও ভুক্তভোগী নারীর বক্তব্য অনুযায়ী, তার স্বামীকে একটি মিথ্যা মামলায় পুলিশ গ্রেপ্তার করে। পরে আদালতের বিচারক তাকে কারাগারে পাঠান। স্বামীর জামিন না হওয়ায় প্রতিবেশীদের পরামর্শে তিনি যুবদল নেতা হযরত আলীর সঙ্গে দেখা করেন। স্বামীর জামিনের বিষয়ে সহযোগিতা চান। দুই দিন পর ওই নারীর অসহায়ত্বের সুযোগ নিয়ে হযরত আলী তাকে কুপ্রস্তাব দেন। প্রস্তাবে রাজি না হয়ে তিনি বাড়ি ফিরে যান।
ওই নারীর অভিযোগ, পরদিন মঙ্গলবার (২০ অক্টোবর) সকাল ১০টার দিকে হযরত আলী তার বাড়িতে গিয়ে জোরপূর্বক ধর্ষণের চেষ্টা করেন।




