পোশাকশ্রমিকরা ফিরলেন কাজে, গাজীপুরের শিল্পাঞ্চলে কর্মচাঞ্চল্য

গাজীপুরের একটি কারখানায় কাজ করার জন্য ঢুকছেন শ্রমিকরা। ছবি: আগামীর সময়
টানা এক মাসের শ্রমিক অসন্তোষ, বিক্ষোভ ও সংঘর্ষের পর কর্মচাঞ্চল্য ফিরেছে গাজীপুরের শিল্পাঞ্চলে। আজ শনিবার সকাল থেকে কারখানায় কাজে যোগ দিয়েছেন শ্রমিকেরা। অধিকাংশ কারখানায় উৎপাদন কার্যক্রম স্বাভাবিকভাবে চলছে। তবে অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা ৩৫টি কারখানা এখনো চালু হয়নি।
আজ সকাল ৮টা থেকে ঢাকা-টাঙ্গাইল ও ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের আশপাশের শিল্পাঞ্চলগুলোতে শ্রমিকদের কাজে ফিরতে দেখা গেছে।
ভোগড়া বাইপাস, নাওজোড়, কোনাবাড়ী, সফিপুর, পল্লী বিদ্যুৎ, চন্দ্রা, সালনা, রাজেন্দ্রপুর, বাংলাবাজার, ভবানীপুর, হোতাপাড়া, মেম্বারবাড়ী, বাঘের বাজার, গড়গড়িয়া মাস্টারবাড়ী, শিরিরচালা ও বেড়াইদেরচালা এলাকার কারখানাগুলোতে শ্রমিকদের উপস্থিতিও অনেকটা স্বাভাবিক হচ্ছে বলে জানায় সংশ্লিষ্টরা।
শ্রমিকেরা জানিয়েছেন, দীর্ঘদিনের আন্দোলন ও কারখানা বন্ধ থাকায় উৎপাদন ব্যাহত হয়েছে। এখন সেই ক্ষতি পুষিয়ে নিতে তারা কাজে মনোযোগ দিতে চান।
গাজীপুর শিল্পাঞ্চলের পরিস্থিতি স্বাভাবিক রাখতে ১৭ জন নির্বাহী ম্যাজিস্ট্রেট, ১৭ প্লাটুন বিজিবি, শিল্প পুলিশ, জেলা পুলিশ, গাজীপুর মেট্রোপলিটন পুলিশ, এসআরবি ও আনসার সদস্যরা দায়িত্ব পালন করছেন। শিল্পাঞ্চলের গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের সতর্ক অবস্থানে থাকতে দেখা গেছে।
গাজীপুর শিল্প পুলিশের পুলিশ সুপার মোহাম্মদ আমজাদ হোসাইন জানিয়েছেন, শনিবার সকালে শ্রমিকেরা কাজে যোগ দিয়েছেন। এখন পর্যন্ত শিল্পাঞ্চলের পরিস্থিতি স্বাভাবিক আছে। অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা ৩৫টি কারখানা ছাড়া বাকি কারখানাগুলোতে উৎপাদন কার্যক্রম চলছে।
এর আগে গত ২৭ অক্টোবর কালিয়াকৈর উপজেলার মৌচাক এলাকার একটি পোশাক কারখানায় ন্যূনতম মজুরি ৩০ হাজার টাকা করার দাবিতে কর্মবিরতি শুরু করেন শ্রমিকেরা। পরে তারা ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ করে সড়কে বাঁশ ও কাঠ জ্বালিয়ে বিক্ষোভ করেন। পর্যায়ক্রমে পল্লী বিদ্যুৎ মোড়, সফিপুর, কোনাবাড়ী ও কালিয়াকৈরের বিভিন্ন এলাকা আন্দোলন ছড়িয়ে পড়ে। পরে গাজীপুর মহানগরের বিভিন্ন এলাকাতেও বিক্ষোভ শুরু হয়। এ সময় সড়ক-মহাসড়ক অবরোধ, কারখানায় কর্মবিরতি ও পুলিশের সঙ্গে সংঘর্ষের ঘটনা ঘটে।
সেই আন্দোলন রাজধানীর মিরপুর থেকে শুরু করে ছড়িয়ে পড়ে সাভার আশুলিয়া, নারায়ণগঞ্জসহ সারা দেশে ।
শ্রমিকদের অসন্তোষের মধ্যে গত ১ নভেম্বর মালিক ও শ্রমিকপক্ষের প্রতিনিধিদের নিয়ে ছয় সদস্যের নিম্নতম মজুরি বোর্ড গঠন করে সরকার। বোর্ডের চতুর্থ সভায় গত ২৪ নভেম্বর তৈরি পোশাকশ্রমিকদের ন্যূনতম মজুরি ১২ হাজার ৫০০ টাকা থেকে বাড়িয়ে ১৭ হাজার টাকা নির্ধারণ করা হয়। নতুন মজুরি কাঠামো ১ ডিসেম্বর থেকে কার্যকর হওয়ার কথা। তবে শ্রমিকদের ৩০ হাজার টাকা মজুরির দাবির তুলনায় এ সিদ্ধান্ত কম হওয়ায় অসন্তোষ অব্যাহত ছিল।
নতুন মজুরি কাঠামো ঘোষণার পরও বিভিন্ন কারখানায় বিক্ষোভ ও সংঘর্ষের ঘটনা ঘটে। পরিস্থিতি নিয়ন্ত্রণে কয়েকটি কারখানায় ছুটি ঘোষণা করা হয়। কিছু কারখানা অনির্দিষ্টকালের জন্য বন্ধ রাখা হয়। সর্বশেষ দেড় সপ্তাহ আগে গাজীপুর সদর ও শ্রীপুর উপজেলায় শ্রমিকদের সঙ্গে সংঘর্ষের ঘটনা ঘটে।
এদিকে শ্রমিক অসন্তোষের প্রভাব পড়েছে দেশের তৈরি পোশাকশিল্পের আন্তর্জাতিক ক্রয়াদেশেও। বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে তিন পোশাক কারখানার মালিকের বরাত দিয়ে জানানো হয়েছে, নভেম্বরের প্রথম ১৮ দিনে বাংলাদেশ থেকে প্রায় ২৫ কোটি ৪০ লাখ ডলারের পোশাকের ক্রয়াদেশ অন্য দেশে সরিয়ে নেওয়া হয়েছে। বাংলাদেশি মুদ্রায় এর পরিমাণ প্রায় ৩ হাজার ১৮৪ কোটি টাকা। এসব ক্রয়াদেশের বড় অংশ গেছে ভারতে। এ ছাড়া ভিয়েতনাম, কম্বোডিয়া ও ইন্দোনেশিয়াতেও ক্রয়াদেশ স্থানান্তরের প্রবণতা দেখা গেছে।
বাংলাদেশ তৈরি পোশাক প্রস্তুতকারক ও রপ্তানিকারক সমিতির (বিজিএমইএ) হিসাব অনুযায়ী, শ্রমিক বিক্ষোভের কারণে উৎপাদন ক্ষতির পরিমাণ ৪০০ মিলিয়ন ডলারের বেশি। দেশের রপ্তানি আয়ের ৮০ শতাংশের বেশি আসে তৈরি পোশাকশিল্প থেকে। ফলে এ খাতে দীর্ঘস্থায়ী অস্থিরতা দেশের অর্থনীতিতেও প্রভাব ফেলতে পারে।





