রয়টার্সের প্রতিবেদন
পোশাকশিল্পে অস্থিরতায় অর্ডার যাচ্ছে কয়েক দেশে, বেশি ভারতে

ছবি: রয়টার্স
বাংলাদেশ থেকে বৈশ্বিক ফ্যাশন ব্র্যান্ডগুলোর পোশাকের ক্রয়াদেশ সরিয়ে নেওয়া হচ্ছে এশিয়ার কয়েকটি দেশে, যার বড় অংশ যাচ্ছে প্রতিবেশী ভারতে। নভেম্বরের প্রথমার্ধে জারা ও এইচঅ্যান্ডএমের মতো ব্র্যান্ড প্রায় ৩ হাজার ১৮৪ কোটি টাকার ক্রয়াদেশ বাংলাদেশ থেকে সরিয়ে নিয়েছে। শ্রমিক অসন্তোষে উৎপাদন ব্যাহত হওয়া ও উৎপাদন খরচ বেড়ে যাওয়ায় এমন সিদ্ধান্ত নিয়েছে ব্র্যান্ডগুলো।
তিন পোশাক কারখানার মালিকের বরাত দিয়ে এক প্রতিবেদনে এমনটাই জানিয়েছে রয়টার্স।
কারখানার মালিকদের ভাষ্য, ১ থেকে ১৮ নভেম্বরের মধ্যে বাংলাদেশ থেকে প্রায় ২৫৪ মিলিয়ন ডলারের (প্রায় ৩ হাজার ১৮৪ কোটি টাকা) অর্ডার অন্য দেশে সরিয়ে নেওয়া হয়েছে। এর বড় অংশ গেছে প্রতিবেশী দেশ ভারতে। বাংলাদেশের অর্থনীতির অন্যতম প্রধান ভিত্তি পোশাকশিল্পের জন্য এটি বড় ধাক্কা। চলমান শ্রমিক অসন্তোষ থেমে গেলেও এই পরিবর্তনের প্রভাব দীর্ঘস্থায়ী হতে পারে।
শিল্প খাতের নেতারা বলছেন, মজুরি বৃদ্ধি, জ্বালানিসংকট ও রাজনৈতিক অনিশ্চয়তায় বাংলাদেশের কম খরচে পোশাক উৎপাদনের সুবিধা কমে গেছে। এই সুবিধার ওপর ভর করেই চীনের পর বিশ্বের দ্বিতীয় বৃহত্তম পোশাক রপ্তানিকারক দেশে পরিণত হয়েছিল বাংলাদেশ। পরিস্থিতির কারণে বৈশ্বিক ব্র্যান্ডগুলো এখন পোশাক সংগ্রহের উৎসে বৈচিত্র্য আনছে।
বাংলাদেশ তৈরি পোশাক প্রস্তুতকারক ও রপ্তানিকারক সমিতির (বিজিএমইএ) হিসাব অনুযায়ী, শ্রমিক বিক্ষোভের কারণে উৎপাদন ক্ষতির পরিমাণ ৪০০ মিলিয়ন ডলারের বেশি। বাংলাদেশের রপ্তানি আয়ের ৮০ শতাংশের বেশি আসে এ শিল্প থেকে। দেশের উৎপাদন খাতের প্রায় ৪০ শতাংশ কর্মসংস্থানও এই শিল্পের ওপর নির্ভরশীল।
ভিয়েতনাম, কম্বোডিয়া ও ইন্দোনেশিয়াও লাভবান
শিল্প খাতের নেতারা জানিয়েছেন, ক্রয়াদেশ সরিয়ে নেওয়ার ঘটনায় সবচেয়ে বেশি লাভবান হয়েছে ভারত। তবে সরবরাহব্যবস্থার ঝুঁকি কমানো এবং সময়মতো পণ্য সরবরাহ নিশ্চিত করতে ক্রেতারা ভিয়েতনাম, কম্বোডিয়া ও ইন্দোনেশিয়ার দিকেও ঝুঁকছেন।
বুধবার বাংলাদেশ তৈরি পোশাকশ্রমিকদের ন্যূনতম মজুরি ৩৬ শতাংশ বাড়ানোর সিদ্ধান্ত নেওয়ার পর এসব চাপ আরও বেড়েছে। গত চার দশকের মধ্যে এটিই ছিল সবচেয়ে কম মজুরি বৃদ্ধির ঘটনা।
শ্রমিকদের দাবি ছিল, মজুরি দ্বিগুণেরও বেশি বাড়াতে হবে। কিন্তু সেই দাবি পূরণ না হওয়ায় নতুন করে পুলিশের সঙ্গে সংঘর্ষে জড়ান শ্রমিকরা। এর মধ্যেই শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের সচিব আবদুর রহমান তারাফদার মজুরি বৃদ্ধির সিদ্ধান্তকে ‘সন্তোষজনক’ বলে মন্তব্য করেছেন। শনিবার থেকে সব পোশাকশ্রমিক কাজে ফিরবেন বলেও আশা প্রকাশ করেন তিনি।
শিল্প খাতের নেতারা বলছেন, মজুরি বৃদ্ধির ফলে ভারতের তুলনায় বাংলাদেশের শ্রম ব্যয়ের যে সুবিধা ছিল, তা আরও কমবে। তবে শ্রমিক সংগঠনগুলোর দাবি, বৈশ্বিক পোশাকশিল্পের মানদণ্ডে বাংলাদেশের মজুরি এখনো কম।
আন্তর্জাতিক ক্রেতাদের সঙ্গে সম্পর্কের বিষয়টি বিবেচনায় নিয়ে নাম প্রকাশ না করার শর্তে কারখানার মালিকেরা জানিয়েছেন, চলমান অসন্তোষের কারণে জারা, এইচঅ্যান্ডএম, মার্কস অ্যান্ড স্পেনসার, সেলিওসহ বিভিন্ন বৈশ্বিক ব্র্যান্ড তাদের ক্রয়াদেশ অন্য দেশে সরিয়ে নিয়েছে। এসব ক্রয়াদেশের বড় অংশ পেয়েছে ভারত।
জারার মালিক প্রতিষ্ঠান ইন্ডিটেক্স রয়টার্সের প্রশ্নের জবাব দিতে রাজি হয়নি। মার্কস অ্যান্ড স্পেনসার, এইচঅ্যান্ডএম ও সেলিওও মন্তব্যের অনুরোধে সাড়া দেয়নি।
রয়টার্সের প্রতিবেদন প্রকাশের পর ভারতের বস্ত্র খাতের কোম্পানিগুলোর শেয়ারের দাম বেড়েছে। গোকালদাস এক্সপোর্টসের শেয়ারের দাম সর্বোচ্চ ১১ শতাংশ এবং ট্রাইডেন্টের প্রায় ৫ শতাংশ বেড়েছে। সম্ভাব্য অন্য সুবিধাভোগী প্রতিষ্ঠান ওয়েলস্পান লিভিং, কেপিআর মিল ও বর্ধমান টেক্সটাইলসের শেয়ারের দামও প্রায় ২ শতাংশ করে বেড়েছে।
বিজিএমইএর পরিচালক এম. মহিউদ্দিন চৌধুরী বলেন, মজুরি, পরিষেবা ও কাঁচামালের দাম বেড়ে যাওয়ায় পোশাক প্রস্তুতকারকদের ওপর চাপ বাড়ছে।
তিনি বললেন, ‘ক্রেতারা যখন পণ্যের দাম কমানোর দাবি জানাচ্ছেন এবং প্রতিদ্বন্দ্বী দেশগুলোর সঙ্গে প্রতিযোগিতা বাড়ছে, তখন মজুরি বৃদ্ধি উৎপাদন খরচ আরও বাড়িয়ে দিয়েছে।’
বিজিএমইএ সভাপতি মাহমুদ হাসান খান ব্র্যান্ডগুলোর নাম বলতে রাজি হননি। তবে তিনি বলেন, সাময়িকভাবে কিছু ক্রয়াদেশ অন্য দেশে সরিয়ে নেওয়ার ফলে বৈশ্বিক ক্রেতাদের ধরে রাখা সম্ভব হচ্ছে এবং আর্থিক ক্ষতিও কমানো যাচ্ছে।
আরও ব্যবসা হারানোর শঙ্কা
কারখানার মালিকরা বলছেন, সবচেয়ে বড় উদ্বেগের বিষয় হলো, এরই মধ্যে অন্য দেশে সরিয়ে নেওয়া ক্রয়াদেশের পর ভবিষ্যতের ব্যবসাও হারাতে পারে বাংলাদেশ। ক্রেতারা পোশাক সংগ্রহের জন্য কোন দেশকে বেছে নেবেন, তা নতুন করে বিবেচনা করছেন।
মধ্যপ্রাচ্যের সংকটের কারণে জ্বালানিসংকট আরও তীব্র হয়েছে। এতে উৎপাদন ব্যাহত হচ্ছে এবং কিছু কারখানাকে বেশি খরচে বিকল্প জ্বালানির ওপর নির্ভর করতে হচ্ছে।
মহিউদ্দিন চৌধুরী বলেন, সরবরাহকারী বাছাইয়ের ক্ষেত্রে ক্রেতারা এখন পণ্যের দামের চেয়ে সরবরাহের সময়কে বেশি গুরুত্ব দিচ্ছেন।
তিনি বলেন, ‘ব্র্যান্ডগুলো যখন নির্ধারিত সময়ের মধ্যে পণ্য সরবরাহের চাপে থাকে, তখন দামের বিষয়টি তুলনামূলক কম গুরুত্বপূর্ণ হয়ে পড়ে।’
মহিউদ্দিন চৌধুরীর ভাষ্য, ভারত থেকে ক্রেতারা প্রায় এক সপ্তাহ আগে পণ্য সরবরাহ পেতে পারেন। অন্যদিকে ভিয়েতনাম ও কম্বোডিয়া সরবরাহের সময়সীমা সর্বোচ্চ ১৫ দিন পর্যন্ত কমিয়ে আনতে পারে।
তিনি আরও বলেন, প্রতিদ্বন্দ্বী দেশগুলোর উৎপাদনকেন্দ্রগুলো সাধারণত ৬০ থেকে ৯০ দিনের মধ্যে পণ্য উৎপাদন ও সরবরাহ করতে পারে। বাংলাদেশে এ সময় লাগে প্রায় ১২০ দিন।
উৎপাদন ব্যাহত হওয়ায় কারখানাগুলোয় কাজের চাপও জমেছে। ঢাকার আশপাশের কারখানাগুলো আনুমানিক ২০ থেকে ২৫ দিনের উৎপাদন হারিয়েছে। নির্ধারিত সময়ে পণ্য সরবরাহের জন্য কিছু কারখানা অতিরিক্ত সময় কাজ করানো এবং ব্যয়বহুল আকাশপথে পণ্য পাঠানোর কথা ভাবছে।
ইউরোপের বিভিন্ন ব্র্যান্ডের পোশাক সরবরাহকারী প্রতিষ্ঠান আল্পস অ্যাপারেলস গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক খান মনিরুল আলম বলেন, চলমান অসন্তোষের প্রভাব এরই মধ্যে নতুন ক্রয়াদেশের ওপর পড়তে শুরু করেছে।
আলম বলেন, ‘১ নভেম্বর থেকে আমার অধিকাংশ ক্রেতা অস্থিরতার কারণে নতুন ক্রয়াদেশ দেওয়া বন্ধ রেখেছেন। তারা বলছেন, আমাদের ক্রয়াদেশ অন্যত্র সরিয়ে নেওয়া হয়েছে, স্থগিত করা হয়েছে কিংবা বাতিল করা হয়েছে। এরই মধ্যে তারা বিকল্প ব্যবস্থাও খুঁজে নিয়েছেন।’
ভারত থেকে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ঢাকায় ফেরার সম্ভাবনাকে ঘিরে রাজনৈতিক উত্তেজনাও নতুন করে অস্থিরতা তৈরির আশঙ্কা বাড়িয়েছে।
শিল্প খাতের নেতারা বলছেন, আন্তর্জাতিক ক্রেতাদের ধরে রাখতে হলে স্থিতিশীল পরিবেশ ফিরিয়ে আনা এবং নিরবচ্ছিন্ন উৎপাদন নিশ্চিত করা জরুরি। মহিউদ্দিন চৌধুরী সতর্ক করে বলেছেন, অস্থিরতার সময়ে অন্য দেশে সরিয়ে নেওয়া ক্রয়াদেশ পরিস্থিতির উন্নতি হলেও আর বাংলাদেশে নাও ফিরতে পারে।
তিনি বললেন, ‘সাময়িকভাবে অন্য দেশে ক্রয়াদেশ সরিয়ে নেওয়ার সিদ্ধান্ত দীর্ঘমেয়াদি উৎস নির্বাচনে পরিণত হওয়ার আগেই ক্রেতাদের আস্থা ফিরিয়ে আনাই এখন বড় চ্যালেঞ্জ। ব্র্যান্ডগুলোর হাতে বিকল্প রয়েছে। অস্থিরতা চলতে থাকলে তারা আমাদের জন্য অপেক্ষা করবে না।’






