মানিকগঞ্জ সাংবাদিক সমিতির সভাপতি মতিউর, সম্পাদক সুজন, সাংগঠনিক সম্পাদক সোহেল

সভাপতি মতিউর রহমান, সাধারণ সম্পাদক শহীদুল ইসলাম সুজন, সাংগঠনিক সম্পাদক সোহেল হোসেন
বাংলাদেশ সাংবাদিক সমিতি (বাসাস) মানিকগঞ্জ জেলা শাখার ত্রিবার্ষিক নির্বাচনে সভাপতি নির্বাচিত হয়েছেন দৈনিক যুগান্তরের স্টাফ রিপোর্টার মতিউর রহমান। সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন এটিএন বাংলার জেলা প্রতিনিধি শহীদুল ইসলাম সুজন। আর সাংগঠনিক সম্পাদক নির্বাচিত হয়েছেন দৈনিক আগামীর সময়ের জেলা প্রতিনিধি সোহেল হোসেন।
আজ শনিবার দুপুরে মানিকগঞ্জ জেলা পরিষদ মিলনায়তনে সমিতির ত্রিবার্ষিক সাধারণসভা অনুষ্ঠিত হয়। সভায় সংগঠনের বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা শেষে বিকাল ৩টা থেকে ৫টা পর্যন্ত ভোট গ্রহণ চলে। বিকাল সাড়ে ৫টায় নির্বাচনের ফলাফল ঘোষণা করা হয়।
নির্বাচনে সহসভাপতি পদে একাত্তর টেলিভিশনের জেলা প্রতিনিধি মনিরুল ইসলাম মিহির নির্বাচিত হয়েছেন। যুগ্ম সাধারণ সম্পাদক পদে নির্বাচিত হয়েছেন বাংলা নিউজের জেলা প্রতিনিধি সাজিদুর রহমান রাসেল।
সহসম্পাদক পদে নির্বাচিত হয়েছেন দৈনিক সংবাদের প্রতিনিধি রামপ্রসাদ সরকার দিপু ও চ্যানেল নাইনের জেলা প্রতিনিধি আরফিন আহমেদ আপেল। কোষাধ্যক্ষ পদে বাংলা টেলিভিশনের জেলা প্রতিনিধি রানা পারভেজ এবং সমাজসেবা সম্পাদক পদে আরটিভির জেলা প্রতিনিধি আফ্রিদি আহাম্মেদ নির্বাচিত হয়েছেন।
এ ছাড়া কার্যকরী সদস্য পদে নির্বাচিত হয়েছেন গাজী টেলিভিশন ও দৈনিক মানবজমিনের জেলা প্রতিনিধি রিপন আনসারী, দৈনিক সমকালের সাটুরিয়া উপজেলা প্রতিনিধি জাহাঙ্গীর আলম এবং দৈনিক বাংলাদেশ সময়ের জেলা প্রতিনিধি আবুল বাসার আব্বাসী। নবনির্বাচিত এ কমিটি ২০২৬-২৯ মেয়াদে দায়িত্ব পালন করবে।
নির্বাচনে প্রধান নির্বাচন কমিশনারের দায়িত্ব পালন করেন মাছরাঙা টেলিভিশনের জেলা প্রতিনিধি গাজী ওয়াজেদ আলম লাভলু। নির্বাচন কমিশনার ছিলেন তারুণ্যের কথা পত্রিকার সম্পাদক ও প্রকাশক খন্দকার সুজন হোসেন এবং দীপ্ত টেলিভিশনের জেলা প্রতিনিধি জাহিদুল হক চন্দন।
ত্রিবার্ষিক সাধারণ সভার উদ্বোধন করেন মানিকগঞ্জ প্রেস ক্লাবের সাবেক সভাপতি ও বাংলাদেশ সাংবাদিক সমিতির কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক গোলাম ছারোয়ার ছানু।
মানিকগঞ্জ সাংবাদিক সমিতির সভাপতি মানবেন্দ্র চক্রবর্তীর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক শাহানুর ইসলামের সঞ্চালনায় সভায় প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ সাংবাদিক সমিতির কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক মনিরুজ্জামান চৌধুরী।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক এনামুল হক বাবুল, মানিকগঞ্জ প্রেস ক্লাবের সাবেক সাধারণ সম্পাদক ও কেন্দ্রীয় কমিটির অর্থবিষয়ক সম্পাদক অতীন্দ্র চক্রবর্তী বিপ্লব, কেন্দ্রীয় কার্যকরী সদস্য ও মানিকগঞ্জ প্রেস ক্লাবের সভাপতি জাহাঙ্গীর আলম বিশ্বাস এবং কেন্দ্রীয় কমিটির সমাজকল্যাণ সম্পাদক খোরশিদুল আলম মজিব।
নবনির্বাচিত সভাপতি মতিউর রহমান বলেন, আগামী দিনে সবাইকে সঙ্গে নিয়ে বাংলাদেশ সাংবাদিক সমিতির কার্যক্রম আরও গতিশীল ও শক্তিশালী করতে চান তারা। সাংবাদিকদের লেখনীর মাধ্যমে মানিকগঞ্জের সাধারণ মানুষের দুঃখ-দুর্দশা, দুর্ভোগ ও ভোগান্তির পাশাপাশি জেলার উন্নয়ন, সম্ভাবনা ও সমস্যাগুলো তুলে ধরা হবে। একই সঙ্গে সমাজের অনিয়ম, দুর্নীতি ও অসংগতির বিরুদ্ধে বস্তুনিষ্ঠ সংবাদ প্রকাশে কাজ করবেন তারা। সাংবাদিকদের পেশাগত মর্যাদা, অধিকার ও স্বার্থ রক্ষার পাশাপাশি জেলার সার্বিক উন্নয়নেও সংগঠনটি ভূমিকা রাখবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।
নবনির্বাচিত সাংগঠনিক সম্পাদক সোহেল হোসেন বলেন, নতুন নেতৃত্ব ও সদস্যদের নিয়ে সংগঠনকে আরও শক্তিশালী করতে চান তারা। সদস্যদের মধ্যে ভ্রাতৃত্ববোধ ও ঐক্য বজায় রেখে পেশাদারিত্বের সঙ্গে সুসাংবাদিকতার পরিবেশ তৈরি এবং সাংবাদিকদের মানোন্নয়নে কাজ করা হবে। সাংবাদিকদের অধিকার আদায়ের পাশাপাশি সামাজিক ও মানবিক কর্মকাণ্ডেও সংগঠনটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে তিনি আশা প্রকাশ করেন।




