মানিকগঞ্জে নিখোঁজের ২১ ঘণ্টা পর খাল থেকে যুবকের মরদেহ উদ্ধার

যুবকের মরদেহ উদ্ধার করছে ফায়ার ফাইটার
মানিকগঞ্জ জেলা শহরের একটি খাল থেকে জিহাদ (২১) নামের এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। নিখোঁজ হওয়ার প্রায় ২১ ঘণ্টা পর শুক্রবার (২০ নভেম্বর) বিকাল ৩টার দিকে ফায়ার সার্ভিস ও স্থানীয়দের সহযোগিতায় মরদেহটি উদ্ধার করা হয়।
বিষয়টি নিশ্চিত করেছেন মানিকগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনির হোসেন।
পুলিশ ও ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে, জিহাদ জেলা শহরের রং-বেরঙের দোকানের এক কর্মচারীর ছেলে। বৃহস্পতিবার সন্ধ্যার পর থেকে তিনি নিখোঁজ ছিলেন। পরিবারের সদস্যরা বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও তার সন্ধান পাননি।
পরে শুক্রবার দুপুরে জেলা শহরের খালে ফায়ার সার্ভিস ও স্থানীয় লোকজনের সহযোগিতায় খোঁজাখুঁজি শুরু হয়। প্রায় ১ ঘণ্টা পর সেখান থেকে জিহাদের মরদেহ উদ্ধার করা হয়।
সদর থানার ওসি মো. মনির হোসেন জানান, মরদেহটি ময়নাতদন্তের জন্য মানিকগঞ্জ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।



