জালের ছোট ফাঁসে বড় ক্ষতি

গ্রাফিকস: আগামীর সময়
সাগরে মাছ ধরতে গিয়ে বড় জালের ছোট ফাঁসে ধরা পড়ছে পোনা ও ছোট মাছ। বড় মাছ বেছে নিয়ে ছোটগুলো সাগরে ফেলে দিলেও বাঁচছে না অনেক পোনা। জালে আটকা পড়ার ধকলেই মারা যাচ্ছে সেগুলোর বড় অংশ। এভাবে বড় মাছ ধরতে গিয়ে ছোট মাছ ও পোনা ধ্বংসের মাধ্যমে মৎস্যসম্পদ বড় ধরনের ক্ষতির মুখে পড়বে। বরগুনার পাথরঘাটা উপকূলে ছোট ফাঁসের জালের এমন ব্যবহারে একদিকে যেমন নষ্ট হচ্ছে সামুদ্রিক মাছের প্রজন্ম, অন্যদিকে দীর্ঘ সময় সাগরে থেকেও কাঙ্ক্ষিত মাছ না পেয়ে লোকসান গুনছেন জেলেরা।
পাথরঘাটা উপকূলে ছোট ফাঁসের জাল ব্যবহার করে মাছ ধরার অভিযোগ রয়েছে ৫৫-৬০টি ট্রলিং বোট মালিকের বিরুদ্ধে। স্থানীয় জেলেদের ভাষ্য, এসব জালে বড় মাছের পাশাপাশি প্রচুর পোনা ও ছোট মাছ ধরা পড়ছে। একসময় তিন থেকে পাঁচ দিন সাগরে থাকলেই ভালো মাছ পাওয়া যেত। এখন ৮-১০ দিন সাগরে থেকেও কাঙ্ক্ষিত মাছ মিলছে না। একেকটি ট্রিপে লাখ টাকার বেশি খরচ করেও অনেক সময় সেই টাকা ওঠে না। ফলে ধারদেনা করে সংসার চালাতে হচ্ছে অনেক জেলেকে।
পাথরঘাটার জেলে ইউসুফ হোসেনের ভাষায়, সংসার চালাতে ধারদেনা করতে হচ্ছে। আরেক জেলে রুহুল আমিনের ভাষ্য, আগে যেসব এলাকায় জাল ফেললে ভালো মাছ পাওয়া যেত, এখন সেখানে মাছ অনেক কম। একেকটি ট্রিপে লাখ টাকার বেশি খরচ হয়। অনেক সময় সেই টাকাও ওঠে না।
জেলেদের এই অভিজ্ঞতার সঙ্গে মৎস্যসম্পদ কমে যাওয়ার আশঙ্কার যোগসূত্র দেখছেন বিশেষজ্ঞরা। সামুদ্রিক মাছের পোনা বড় হয়ে প্রজননের উপযোগী হতে সময় নেয়। কিন্তু ছোট ফাঁসের জালে আটকা পড়লে সেগুলো বড় হওয়ার সুযোগ পায় না। জাল থেকে বাছাই করে সাগরে ফেলে দিলেও অনেক মাছ বাঁচে না। এতে মাছের স্বাভাবিক বংশবিস্তার বাধাগ্রস্ত হয় এবং ভবিষ্যতে মাছের মজুদ কমে যাওয়ার ঝুঁকি তৈরি হয়।
সামুদ্রিক মৎস্যসম্পদ সংরক্ষণ ও নিয়ন্ত্রিত আহরণের জন্য দেশে আইনও রয়েছে। সামুদ্রিক মৎস্য আইন-২০২০ অনুযায়ী, মাছ ধরার নৌযানের নিবন্ধন, প্রয়োজনীয় অনুমতি এবং নির্ধারিত নিয়ম মেনে মাছ আহরণ করতে হয়। জাটকা ও ছোট মাছ রক্ষায় নির্দিষ্ট মাপের চেয়ে ছোট ফাঁসের গিল জাল ব্যবহার নিষিদ্ধ। এ ছাড়া বেহুন্দি জাল ও নির্দিষ্ট ধরনের ভাসান জাল ব্যবহারের ওপরও নিষেধাজ্ঞা রয়েছে। অর্থাৎ বৈধ লাইসেন্স থাকলেও নিষিদ্ধ জাল ব্যবহারের সুযোগ নেই।
বরগুনা জেলা ট্রলার মালিক সমিতির তথ্য অনুযায়ী, পাথরঘাটা ও বরগুনা উপকূলে সমুদ্রে চলাচলকারী ট্রলিং বোট রয়েছে ৫৫ থেকে ৬০টি। পটুয়াখালীর আলীপুর-মহিপুর এলাকায় রয়েছে আরও ৩৫ থেকে ৪০টি। সমিতির সভাপতি গোলাম মোস্তফা চৌধুরী আগামীর সময়কে বলেছেন, ‘নদীতে নিষিদ্ধ জালে যেমন ইলিশসহ বিভিন্ন মাছের পোনা ধ্বংস হচ্ছে, তেমনি ট্রলিং বোটের জালেও সামুদ্রিক মাছের পোনা নষ্ট হচ্ছে। অনেকে নির্ধারিত মাপের জাল ব্যবহার করছেন না। এতে মাছের ক্ষতি হচ্ছে।’
পাথরঘাটা উপজেলা জ্যেষ্ঠ মৎস্য কর্মকর্তা হাসিবুল হকের ভাষ্য, সমুদ্রে নিষিদ্ধ জালের ব্যবহার বন্ধে মৎস্য বিভাগ, কোস্ট গার্ড, নৌবাহিনী ও নৌপুলিশ নিয়মিত অভিযান চালাচ্ছে। নদী বা সমুদ্রে নিষিদ্ধ জাল কিংবা অবৈধ নৌযান পাওয়া গেলে প্রচলিত আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হচ্ছে।
তবে অভিযান ও আইন প্রয়োগের পাশাপাশি মাছ আহরণের পদ্ধতিতে পরিবর্তন আনার ওপর গুরুত্ব দিচ্ছেন গবেষকরা। শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের সহকারী অধ্যাপক মীর মোহাম্মদ আলীর মতে, সমুদ্রে ছোট ফাঁসের জালে মাছের পোনা রক্ষা পাচ্ছে না। এতে মাছের প্রজনন ব্যাহত হচ্ছে এবং উৎপাদন কমছে। শুধু আইন করলেই হবে না, এর যথাযথ প্রয়োগ নিশ্চিত করতে হবে। নিয়মিত নজরদারি, মাছ আহরণ নিয়ন্ত্রণ, নিবন্ধনহীন নৌযান শনাক্ত এবং প্রযুক্তির মাধ্যমে সমুদ্রে নজরদারি বাড়ানো জরুরি। পাশাপাশি জেলেদের সচেতন করতে হবে। তা না হলে ভবিষ্যতে সামুদ্রিক জীববৈচিত্র্য ও মৎস্যসম্পদ বড় ধরনের ক্ষতির মুখে পড়বে।



