আশুলিয়ায় গ্যাস সিলিন্ডারভর্তি লরিতে আগুন, নিহত ৬

কারখানার বাইরে এসে জয়নবের ওপরে পড়েছে এই গ্যাস সিলিন্ডার
আশুলিয়ায় গ্যাস সিলিন্ডারভর্তি লরিতে বিস্ফোরণে নিহত হয়েছেন ৬ জন। আহত হয়েছেন আরও ১৪ জন।
রবিবার (২০ সেপ্টেম্বর) সন্ধ্যা পৌনে ৭টার দিকে আশুলিয়ার জামগড়া চৌরাস্তা সংলগ্ন প্রীতি গ্রুপের ‘এফ অ্যান্ড এফ’ কারখানার বাউন্ডারির ভেতরে এ দুর্ঘটনা ঘটে।
নিহত মোছাম্মৎ জয়নব বেগম (৫৫) গাজীপুরের কাশিমপুর থানার ইসরকান্দি গ্রামের মো. আলীর স্ত্রী। তিনি জামগড়া এলাকায় দর্জির কাজ করতেন। বাকি পাঁচ জনের পরিচয় এখনও নিশ্চিত হওয়া যায়নি।
নিহতের স্বজনেরা জানান, সন্ধ্যায় কারখানার বাউন্ডারির ভেতরে থাকা গ্যাস সিলিন্ডারভর্তি লরিতে বিকট শব্দে বিস্ফোরণ ঘটে। এরপর আগুন চারদিকে ছড়িয়ে পড়ে। বিস্ফোরণে একটি সিলিন্ডার সজোরে ছিটকে বাইরে চলে যায় এবং জয়নব বেগমের ওপর পড়ে। জয়নব একটি দোকানের সামনে দাঁড়িয়ে ছিলেন।
অগ্নিকাণ্ডে অন্তত ১৪ জন আহত হয়েছেন বলে জানিয়েছে আশুলিয়া নারী ও শিশু হাসপাতালের ব্যবস্থাপক হারুন অর রশীদ।
তিনি জানান, অগ্নিকাণ্ডের ঘটনায় আহত অবস্থায় ১৪ জনকে হাসপাতালে আনা হয়েছে। তাদের মধ্যে ৪ থেকে ৫ জন গুরুতর দগ্ধ হওয়ায় প্রাথমিক চিকিৎসা দিয়ে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে পাঠানো হয়েছে। বাকিদের হাসপাতালে রেখে চিকিৎসা দেওয়া হচ্ছে। তাৎক্ষণিকভাবে আহতদের নাম-পরিচয় জানা যায়নি।
খবর পেয়ে ফায়ার সার্ভিসের চারটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে প্রায় দুই ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।
বর্তমানে আগুন নিয়ন্ত্রণে রয়েছে বলে জানিয়েছেন শিল্প পুলিশ-১-এর পুলিশ সুপার (এসপি) মোহাম্মদ মমিনুল ইসলাম।
তিনি বলেন, ‘কারখানার ভেতরে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণের ঘটনা ঘটে। এ সময় সিলিন্ডারের একটি অংশ ছিটকে গিয়ে কারখানার গেটের সামনের দর্জি দোকানের কাছে থাকা ওই নারীর শরীরে লাগে এবং ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।’



