নওগাঁয় মধ্যরাতে দাঁড়িয়ে থাকা দুই বাসে আগুন

আল বারাকা পরিবহনের দুটি বাসে আগুন লাগার ঘটনা ঘটেছে। ছবি: আগামীর সময়
নওগাঁ শহরের বাইপাস এলাকার গাবতলী মোড়ে দাঁড়িয়ে থাকা আল বারাকা পরিবহনের দুটি বাসে আগুন লাগার ঘটনা ঘটেছে।
গতকাল সোমবার দিবাগত রাত সাড়ে ১২টার দিকে এ ঘটনা ঘটে।
স্থানীয়রা জানান, গাবতলী মোড় নামক স্থানে পাশাপাশি তিনটি বাস দাঁড় করানো ছিল। রাত সাড়ে ১২টার দিকে হঠাৎ সেগুলোর মধ্যে দুটি বাসে আগুন জ্বলে ওঠে। স্থানীয়রা ফায়ার সার্ভিস ও পুলিশকে খবর দেন। পরে ফায়ার সার্ভিসের কর্মীরা আগুন নিয়ন্ত্রণে আনেন।
তারা জানিয়েছেন, ঘটনার সময় বাস দুটিতে কোনো চালক বা চালকের সহকারী ছিল না। আশপাশেও সন্দেহজনক কাউকে দেখা যায়নি।
নওগাঁ সদর মডেল থানার এসআই খোরশেদ আলম জানান, ফায়ার সার্ভিসের সহযোগিতায় আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়েছে। এ ঘটনায় কেউ হতাহত হয়নি। ঘটনার সঙ্গে জড়িত ব্যক্তিদের শনাক্ত করে গ্রেপ্তারের চেষ্টা চলছে।




