ক্লাসে ফিরলেন চুয়েটের শিক্ষার্থীরা, আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা

সকাল ৯টার দিকে শুরু হয় নগর ও অঞ্চল পরিকল্পনা বিভাগের চতুর্থ বর্ষের ক্লাস। ছবি: আগামীর সময়
দীর্ঘ ৩৫ দিন বন্ধ থাকার পর চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (চুয়েট) অ্যাকাডেমিক কার্যক্রমে ফিরেছেন শিক্ষার্থীরা। নগর ও অঞ্চল পরিকল্পনা বিভাগের চতুর্থ বর্ষের ক্লাসের মধ্যদিয়ে আজ সকাল ৯টার দিকে শুরু হয়েছে নিয়মিত পাঠদান। যা চলে ১১টা পর্যন্ত।
পর্যাক্রমে সব ক্লাস শুরু হবে বলে জানিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।
শ্রেণিকক্ষে ফিরলেও নতুন উপাচার্য নিয়োগকে ঘিরে সৃষ্ট সংকটের সমাধান হয়নি এখনো। সাবেক উপাচার্য অধ্যাপক ড. আবু সাদাত মোহাম্মদ সায়েমের পুনর্বহালের দাবিতে আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন শিক্ষার্থীরা। তাদের দাবি, অ্যাকাডেমিক কার্যক্রমের পাশাপাশি আন্দোলনও চলবে।
বিশ্ববিদ্যালয় প্রশাসন সংশ্লিষ্টরা জানান, চুয়েটের চলমান সংকট নিরসনে ইউজিসির গঠিত ছয় সদস্যের প্রতিনিধি দল আজ সকালে শিক্ষকদের সঙ্গে বৈঠক করেছেন। এরপর তারা শিক্ষার্থীদের সঙ্গে বসবেন। দুপুরে কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গেও বৈঠক করবে প্রতিনিধি দলটি।
গত রবিবার চুয়েট অডিটোরিয়ামে শিক্ষক সমিতির সাধারণ সভায় বুধবার থেকে ক্লাস ও পরীক্ষা শুরুর সিদ্ধান্ত হয়। সভা শেষে শিক্ষক সমিতি, কর্মকর্তা সমিতি ও স্টাফ অ্যাসোসিয়েশনের প্রতিনিধিরা যৌথ বিজ্ঞপ্তি প্রকাশ করে শিক্ষার্থীদের শ্রেণিকক্ষে ফেরার আহ্বান জানান।
গত ২১ সেপ্টেম্বর চুয়েটের সাবেক উপাচার্য অধ্যাপক ড. আবু সাদাত মুহাম্মদ সায়েমকে সরিয়ে অধ্যাপক ড. শেখ শরীফুল আলমকে নতুন উপাচার্য নিয়োগ দেওয়া হয়। এর প্রতিবাদে ২২ সেপ্টেম্বর থেকে শাটডাউন কর্মসূচি শুরু করেন শিক্ষার্থীরা। নিয়োগ বাতিলের দাবিতে ধারাবাহিক কর্মসূচির একপর্যায়ে বন্ধ হয়ে যায় বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক কার্যক্রম। একসঙ্গে বন্ধ হয়ে যায় ক্লাস ও পরীক্ষা।




