ক্যারিয়ার আলোচনা, কনসার্টে মুখর পোর্ট সিটির জার্নালিজম ফেস্ট

চট্টগ্রামে পোর্ট সিটি ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির সাংবাদিকতা ও গণমাধ্যম অধ্যয়ন বিভাগের সপ্তম জার্নালিজম ফেস্ট অনুষ্ঠিত হয়েছে।
গতকাল শুক্রবার নগরের অফিসার্স ক্লাবে দিনব্যাপী এ উৎসবের আয়োজন করেন বিভাগের ৩২তম ব্যাচের শিক্ষার্থীরা।
উৎসবে বিভাগের বর্তমান ও সাবেক শিক্ষার্থী, শিক্ষক এবং গণমাধ্যমসংশ্লিষ্ট ব্যক্তিরা অংশ নেন। সাংবাদিকতা পেশার চ্যালেঞ্জ, সম্ভাবনা এবং কর্মক্ষেত্রে নিজেদের প্রস্তুত করার নানা দিক নিয়ে আলোচনা হয় আয়োজনে।
উৎসবের অংশ হিসেবে সাংবাদিকতা ও গণমাধ্যমে ক্যারিয়ারবিষয়ক একটি সেশনের আয়োজন করা হয়। এতে বক্তব্য দেন ‘দ্য হুইসল’-এর সম্পাদক ও অনুসন্ধানী সাংবাদিক বদরুদ্দোজা বাবু।
তিনি অনুসন্ধানী সাংবাদিকতার বিভিন্ন দিক, পেশাগত চ্যালেঞ্জ ও সম্ভাবনা নিয়ে নিজের দীর্ঘদিনের অভিজ্ঞতা শিক্ষার্থীদের সঙ্গে বিনিময় করেন। একই সঙ্গে তরুণ গণমাধ্যমকর্মীদের পেশাদারিত্ব, বস্তুনিষ্ঠতা ও সততার সঙ্গে কাজ করার আহ্বান জানান।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক মাইনুল হাসান চৌধুরী, প্রক্টর রাশেদ খান মিলন এবং সাংবাদিকতা ও গণমাধ্যম অধ্যয়ন বিভাগের সভাপতি দিলরুবা আক্তার।
বক্তারা বলেন, প্রাতিষ্ঠানিক শিক্ষার পাশাপাশি সহশিক্ষা কার্যক্রম শিক্ষার্থীদের বাস্তবমুখী জ্ঞান ও দক্ষতা অর্জনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। এ ধরনের আয়োজন শিক্ষার্থীদের মধ্যে পারস্পরিক যোগাযোগ বাড়ানোর পাশাপাশি পেশাগত অভিজ্ঞতা বিনিময়ের সুযোগ তৈরি করে।
দিনব্যাপী এ উৎসবে ক্যারিয়ারবিষয়ক সেশনের পাশাপাশি ছিল সাংস্কৃতিক অনুষ্ঠান, লাইভ কনসার্ট ও র্যাফেল ড্র। শিক্ষক, বর্তমান ও সাবেক শিক্ষার্থীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে উৎসবটি পরিণত হয় এক মিলনমেলায়।




