চট্টগ্রামে ডেঙ্গু ও হামে মৃত্যু ৩

ডেঙ্গু ও হাম
চট্টগ্রামে ডেঙ্গু এবং হাম আক্রান্ত হয়ে দুই শিশুসহ তিনজন মারা গেছেন। আজ মঙ্গলবার সন্ধ্যায় সিভিল সার্জন কার্যালয় থেকে পাঠানো সবশেষ ২৪ ঘণ্টার প্রতিবেদনে এই তথ্য জানা যায়।
একই সময়ে নতুন করে ৬৮ জন ডেঙ্গু নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন।
ডেঙ্গুতে মারা যাওয়া ব্যক্তির নাম আমিরুজ্জামান (৬৮)। তিনি পতেঙ্গা এলাকার বাসিন্দা। নগরের একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
এ নিয়ে ডেঙ্গুতে মারা গেল ৪৫ জন। মোট আক্রান্ত ৮ হাজার ২৯৫ জন। বর্তমানে চট্টগ্রামের বিভিন্ন সরকারি বেসরকারি হাসপাতালে ১৬৫ জন ডেঙ্গু রোগী চিকিৎসা নিচ্ছেন।
অন্যদিকে, হাম উপসর্গ নিয়ে মারা গেছে ৮ মাস বয়সী ওয়াছিফা ও ৭ মাস বয়সী মাইশা। প্রথমজনের বাসা বাকলিয়ার বড় মিয়া মসজিদ এলাকায়। দ্বিতীয়জন খুলশীর ঝাউতালার বাসিন্দা। দুজনেই মা-শিশু জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যায়।
হাম উপসর্গ নিয়ে তাদের সেখানে ভর্তি করা হয়েছিল। এনিয়ে হাম বা হাম উপসর্গ নিয়ে মারা গেল ৬৪ জন।
শেষ ২৪ ঘণ্টায় হাম উপসর্গ নিয়ে আরও ৭১ জন বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছে। তাদের বেশিরভাগ শিশু। বর্তমানে ৩২৭ জন চিকিৎসাধীন রয়েছে।



