৪১ ওয়ার্ডে ৪১টি খেলার মাঠ হবে: চসিক মেয়র

চট্টগ্রাম নগরের ৪১টি ওয়ার্ডে ৪১টি খেলার মাঠ গড়ার কাজ চলছে বলে জানিয়েছেন চট্টগ্রাম সিটি করপোরেশনের (চসিক) মেয়র ডা. শাহাদাত হোসেন।
আজ শনিবার নগরের কল্পলোক আবাসিক এলাকার ১ নম্বর রোড, খেলার মাঠ ও পার্কের সংস্কারকাজের উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা জানান।
মেয়র বলেছেন, দায়িত্ব নেওয়ার পর প্রতিটি ওয়ার্ডে খেলার মাঠ গড়ার যে প্রতিশ্রুতি দিয়েছিলাম, তা বাস্তবায়নে কাজ চলছে। ইতিমধ্যে ১১টি মাঠ খেলার উপযোগী করা হয়েছে। এর মধ্যে হালিশহর এইচ ব্লক, বহুরূপী, ফিরোজশাহ, এস ব্লক ও বিডিআর মাঠ রয়েছে। এ ছাড়া হালিশহর শিশু পার্ক, হাজী মুহাম্মদ মহসিন কলেজ, বাকলিয়া স্টেডিয়াম ও বাকলিয়া স্কুল মাঠের উন্নয়নকাজ চলছে। আগ্রাবাদ জাম্বুরি মাঠের কাজ শেষ পর্যায়ে রয়েছে। অন্যান্য ওয়ার্ডে মাঠ গড়তে উন্নয়ন প্রকল্প প্রস্তাব (ডিপিপি) প্রস্তুত করা হচ্ছে।
খেলাধুলার গুরুত্ব তুলে ধরে ডা. শাহাদাত হোসেন বলেছেন, শিশু-কিশোর ও তরুণদের জন্য পর্যাপ্ত খেলাধুলার সুযোগ নিশ্চিত করা গেলে মাদকাসক্তি, সন্ত্রাস ও কিশোর গ্যাংয়ের মতো সামাজিক সমস্যা প্রতিরোধ করা সম্ভব।
তারেক রহমানের নির্দেশনার কথা উল্লেখ করে তিনি বলেছেন, খেলাধুলার সুযোগ বাড়ানোর মাধ্যমে একটি সুস্থ ও নিরাপদ চট্টগ্রাম গড়ে তোলাই তার লক্ষ্য।
কল্পলোক মডেল মসজিদ চত্বরে কল্পলোক আবাসিক সমাজকল্যাণ সমিতি (১ম পর্যায়) এই অনুষ্ঠানের আয়োজন করে। সমিতির সভাপতি এম এ শুক্কুরের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন চট্টগ্রাম-৯ আসনের সংসদ সদস্য আবু সুফিয়ান, চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের
(সিডিএ) চেয়ারম্যান প্রকৌশলী বেলায়েত হোসেন, চট্টগ্রাম মহানগর বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক আনোয়ার হোসেন লিপু, আবদুল্লাহ আল হারুন, আইনজীবী আজিজুল হক প্রমুখ।




