কুষ্টিয়া সীমান্ত
বিএসএফের গুলিতে বাংলাদেশি আহত, বিজিবির পাল্টা ফায়ার

ছবি: আগামীর সময়
কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার জামালপুর সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফের গুলিতে সাহাজুল (৪০) নামে এক বাংলাদেশি কৃষক আহত হয়েছেন। এ ঘটনার পর সীমান্তে পাল্টা ফায়ার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
এদিকে, ঘটনার পর উত্তেজনার মধ্যে এক ভারতীয় নাগরিককে ধরে বিজিবির কাছে হস্তান্তর করেছেন স্থানীয়রা। এসব ঘটনায় সীমান্ত এলাকায় উত্তেজনা বিরাজ করছে।
আজ শনিবার সকাল সাড়ে ৯টার দিকে উপজেলার জামালপুর সীমান্তের ১৫২/১০-এস আন্তর্জাতিক সীমান্ত পিলারসংলগ্ন শূন্যরেখার কাছে এ ঘটনা ঘটে। আহত সাহাজুল এলাকার সাবাজের ছেলে।
বিজিবি জানান, জামালপুর বিওপির দায়িত্বপূর্ণ সীমান্তের বিপরীতে বাংলাদেশ সীমান্ত থেকে আনুমানিক ৩০০ গজ ভারতের অভ্যন্তরে নিজের জমিতে ঘাস কাটছিলেন সাহাজুল। এ সময় ভারতের ১৪৬ বিএসএফ ব্যাটালিয়নের নার্সারি ক্যাম্পের একটি টহলদল তাকে লক্ষ্য করে এক রাউন্ড ছররা গুলি ছোড়ে। এতে সাহাজুল কোমর থেকে পায়ের গোড়ালি পর্যন্ত গুলিবিদ্ধ হয়ে আহত হন।
স্থানীয় সূত্রের দাবি, বাংলাদেশি কৃষক গুলিবিদ্ধ হওয়ার খবর ছড়িয়ে পড়লে সীমান্তের এপারে উত্তেজনা দেখা দেয়। এ সময় কাজল ঘোষ (৩০) নামে অপর এক ভারতীয় নাগরিককে ধরে বিজিবির কাছে হস্তান্তর করেন স্থানীয়রা।
কুষ্টিয়া ব্যাটালিয়ন (৪৭ বিজিবি)-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল রাশেদ কামাল রনি জানান, সীমান্তে যেকোনো অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি মোকাবিলা এবং দেশের সার্বভৌমত্ব ও সীমান্তবর্তী মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে বিজিবি সতর্কতার সঙ্গে দায়িত্ব পালন করছে। একই সঙ্গে সীমান্তে স্থিতিশীলতা বজায় রাখতে সবাইকে অননুমোদিত কর্মকাণ্ড থেকে বিরত থাকার বিষয়ে সচেতন করা হচ্ছে।
এ ঘটনায় জামালপুর সীমান্ত এলাকায় উত্তেজনা বিরাজ করছে। আহত ব্যক্তিদের চিকিৎসা, আটক ভারতীয় নাগরিকের বিষয়ে পরবর্তী পদক্ষেপ এবং সীমান্ত পরিস্থিতি নিয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের তৎপরতার দিকে নজর রাখছেন স্থানীয়রা।




