মেয়ের সামনে বাবাকে কুপিয়ে-গুলি করে খুন

সংগৃহীত ছবি
চট্টগ্রামের হাটহাজারী উপজেলায় এক ব্যক্তিকে গুলি ও কুপিয়ে হত্যা করা হয়েছে। পুলিশের ভাষ্য, মেয়ের সামনে নির্মম হত্যার শিকার হয়েছেন তিনি।
আজ শুক্রবার দুপুরে উপজেলার মেখল ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের খলিফাপাড়া এলাকায় নিজ বাড়ির সামনে এ ঘটনা ঘটেছে।
৪২ বছর বয়সী নিহত মোহাম্মদ নুরুল আজিম দর্জির কাজ করতেন বলে স্থানীয়রা জানালেন।
চট্টগ্রাম জেলার অতিরিক্ত পুলিশ সুপার (হাটহাজারী সার্কেল) কাজী মোহাম্মদ তারেক আজিজ জানালেন, বাড়ির সামনে মাছ ধরা নিয়ে প্রতিবেশী কয়েকজনের সঙ্গে ঝগড়ার মধ্যে তাকে প্রকাশ্যে গুলি ও চাপাতি দিয়ে কোপানো হয়। মেয়ে ও পরিবারের আরও কয়েকজন সদস্যের সামনে এ ঘটনা ঘটে।
'পরিবারের সদস্যরা অভিযোগ করেছেন, আজিমের বড় ভাইয়ের পরিকল্পনায় এ হত্যাকাণ্ড ঘটেছে। আজিম মৃত্যুর আগে তার ওপর হামলার জন্য ভাইকে দায়ী করেছেন বলে তাদের দাবি। আমরা এটা যাচাই-বাছাই করে দেখছি।'
এ ঘটনায় মামলার প্রক্রিয়া চলছে বলে পুলিশের এ কর্মকর্তা জানালেন।




