চট্টগ্রাম-নাজিরহাট রুটে কাল থেকে কমিউটার ট্রেন, ভাড়া ২০ টাকা

ছবি: আগামীর সময়
চট্টগ্রাম–নাজিরহাট রুটে চলাচলকারী দুই জোড়া লোকাল ট্রেন আগামীকাল মঙ্গলবার থেকে কমিউটার ট্রেন হিসেবে চলাচল শুরু করবে। ‘নাজিরহাট লোকাল-১, ২, ৩ ও ৪’-এর পরিবর্তে ট্রেনগুলো ‘নাজিরহাট কমিউটার-১, ২, ৩ ও ৪’ নামে পরিচালিত হবে। পরিবর্তনের পর এই রুটে ট্রেনের ভাড়া ১২ টাকা থেকে বাড়িয়ে ২০ টাকা নির্ধারণ করা হয়েছে। এতে যাত্রী সেবা ও আয় বাড়বে বলেন মনে করছেন রেলওয়ে কর্মকর্তারা।
আজ সোমবার রেলওয়ে পূর্বাঞ্চলের চিফ অপারেটিং সুপারিনটেনডেন্টের (পূর্ব) কার্যালয় থেকে এ সংক্রান্ত চিঠি জারি করা হয়।
সহকারী চিফ অপারেটিং সুপারিনটেনডেন্ট (পি) (পূর্ব) মোহাম্মদ আবু বকর সিদ্দিকী স্বাক্ষরিত চিঠিটি চট্টগ্রামের বিভাগীয় রেলওয়ে ম্যানেজারের (ডিআরএম) কাছে পাঠানো হয়েছে।
এর আগে গতকাল রবিবার রেলওয়ের মহাপরিচালকের কার্যালয়ের ট্রাফিক ট্রান্সপোর্টেশন শাখা থেকে কমিউটার ট্রেন পরিচালনার অনুমোদন দেওয়া হয়েছিল।
রেলওয়ের তথ্য অনুযায়ী, সাত কোচের এই ট্রেনে আসন সংখ্যা মোট ৩৩৪। ২২২ নম্বর ট্রেন নাজিরহাট থেকে সকাল ৬টায় ছেড়ে চট্টগ্রাম পৌঁছাবে সকাল ৭টা ৩৫ মিনিটে। ২২১ নম্বর ট্রেন চট্টগ্রাম থেকে সকাল ৮টা ৩০ মিনিটে ছেড়ে নাজিরহাট পৌঁছাবে সকাল ১০টা ১০ মিনিটে। ২২৪ নম্বর ট্রেন নাজিরহাট থেকে সকাল ১০টা ৪০ মিনিটে ছেড়ে চট্টগ্রাম পৌঁছাবে দুপুর ১২টা ১০ মিনিটে। আর ২২৩ নম্বর ট্রেন চট্টগ্রাম থেকে বিকেল ৫টা ৪৫ মিনিটে ছেড়ে নাজিরহাট পৌঁছাবে সন্ধ্যা ৭টা ২৫ মিনিটে।
রেলওয়ে পূর্বাঞ্চলের প্রধান পরিচালন কর্মকর্তা মোহাম্মদ সফিকুর রহমান বলেছেন, ‘লোকাল থেকে কমিউটার হওয়ায় যাত্রীসেবার মান বাড়বে। এই রেকে পাওয়ার কার যুক্ত হবে। ফলে লাইট-ফ্যান চলবে। শৌচাগারের সুবিধা থাকবে। কোচগুলোও উন্নত হবে।’
তবে ভাড়া আদায় নিয়ে বিশৃঙ্খলার আশঙ্কা প্রকাশ করেছেন চট্টগ্রাম–নাজিরহাট ট্রেন যাত্রী কল্যাণ সমিতির যুগ্ম সম্পাদক সমীর বনিক। তিনি বলেছেন, ‘চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা এই ট্রেনে উঠে পড়েন। তারা ভাড়া দিতে চান না। এটা নিয়ে বিশৃঙ্খলা হতে পারে।’
রেলওয়ের নথিপত্র অনুযায়ী, ২০২৪–২৫ অর্থবছরে এই রুটের ট্রেন থেকে আয় হয়েছে ৩০ লাখ ৮৪ হাজার ১০০ টাকা। বিপরীতে যাত্রী পরিবহন করেছে ৩ লাখ ৯১ হাজার ৪৪০ জন। সর্বশেষ ২০২৫–২৬ অর্থবছরে ৩৬৩ দিন চলাচলে যাত্রীসংখ্যা দাঁড়ায় ৫ লাখ ৮৩ হাজার ৪৭৭ জনে এবং আয় হয় ৫০ লাখ ৯০ হাজার ৮৭১ টাকা। আগে একবার যাতায়াতে আয় হতো প্রায় ৪ হাজার টাকা। এখন সেটি হবে সাড়ে ছয় হাজার টাকা।




