আসামির কামড়-আঁচড়ে আহত অভিযানে যাওয়া পুলিশ

চিকিৎসা নিচ্ছেন এক পুলিশ সদস্য
প্রতারণা ও অর্থ আত্মসাতের মামলায় আদালতের পরোয়ানা মাথায় নিয়ে পলাতক থাকা এক আসামি ধরতে গিয়েছিল পুলিশ। আটকের পর পুলিশের তিন সদস্যকে কামড় ও আঁচড় দিয়ে পালিয়ে যায় আসামি। পুলিশের ওপর আক্রমণে অংশ নেয় আসামির নিকটাত্মীয় এক গ্রাম পুলিশও। তবে পরে পুলিশ তাদের গ্রেপ্তার করতে সক্ষম হয়।
রবিবার রাতে চট্টগ্রামের বোয়ালখালী উপজেলার চরণদ্বীপ ইউনিয়নের মসজিদ ঘাটা এলাকায় এ ঘটনা ঘটে।
গ্রেপ্তার দুজন হলেন, মামলার আসামি মোহাম্মদ মহিউদ্দিন ও চরণদ্বীপ ইউনিয়ন পরিষদের গ্রাম পুলিশ জেবল হোসাইন।
অভিযানে তিন পুলিশ সদস্যসহ মোট পাঁচজন আক্রান্ত হন। তিন পুলিশ সদস্য হলেন, বোয়ালখালী থানার এসআই আবদুল হালিম, এএসআই মাসুম বিল্লাহ ও কনস্টেবল হাসানুজ্জামান। এছাড়া পুলিশের সঙ্গে অভিযানে গিয়ে মহিউদ্দিনের বিরুদ্ধে করা মামলার বাদী আবদুল মান্নান ও তার সঙ্গে থাকা মোক্তার হোসেন আহত হয়েছেন।
আহত পাঁচজন বোয়ালখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নিয়েছেন বলে জানালেন বোয়ালখালী থানার ওসি মোজাফফর হোসেন।
ওসি মোজাফফর বললেন, মহিউদ্দিনের বাড়ি বোয়ালখালীর উত্তর করলডেঙ্গা গ্রামে। গ্রেপ্তারি পরোয়ানা থাকায় নিকটাত্মীয় জেবল হোসেনের হেফাজতে আত্মগোপনে ছিলেন। রাত সাড়ে ১১টার দিকে পুলিশ সেখানে অভিযান চালাতে গেলে মহিউদ্দিন ও জেবল মিলে তাদের ওপর আক্রমণ করে। হাতে আঁচড় ও কামড় দিয়ে পালিয়ে যায়।
তবে দ্রুততার সাথে পুলিশ অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করতে সক্ষম হয়। উভয়ের বিরুদ্ধে পুলিশের ওপর হামলার অভিযোগে মামলা হচ্ছে বলে নিশ্চিত করেন ওসি।







