পোর্ট ইউজার্স ফোরামের চেয়ারম্যান আমীর হুমায়ুন মাহমুদ চৌধুরী

চট্টগ্রাম চেম্বারের সাবেক সভাপতি আমীর হুমায়ুন মাহমুদ চৌধুরী
চট্টগ্রাম চেম্বারের সাবেক সভাপতি আমীর হুমায়ুন মাহমুদ চৌধুরীকে পোর্ট ইউজার্স ফোরামের চেয়ারম্যান নির্বাচিত করা হয়েছে। তিনি অর্থ ও পরিকল্পনা মন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরীর ছোট ভাই।
২০২৪ সালের ৫ আগস্টের পর থেকে তিনি এই সংগঠনের আহ্বায়ক হিসেবে দায়িত্ব পালন করছিলেন। তার নেতৃত্বে ড. ইউনূসের অন্তবর্তী সরকারের আমলে চট্টগ্রাম বন্দরের ৪১ শতাংশ ট্যারিফ বৃদ্ধি নিয়ে তিনি বেশ স্বোচ্চার ভূমিকা পালন করেন।
চট্টগ্রাম চেম্বারের নেতৃত্বাধীন এই সংগঠন চট্টগ্রাম চেম্বার, বিজিএমইএ, বিকেএমইএসহ চট্টগ্রাম বন্দর কেন্দ্রিক প্রায় ১২টি সংগঠনের প্রতিনিধিত্ব করছে।
সোমবার চট্টগ্রাম চেম্বারে দেশের একমাত্র ওয়ার্ল্ড ট্রেড সেন্টারের কনফারেন্স হলে সংগঠনের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। চট্টগ্রাম চেম্বার সভাপতি মোহাম্মদ আমিরুল হকর সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। সভায় এই প্রতিনিধিরাই তাকে চেয়ারম্যান নির্বাচিত করেন।
চট্টগ্রাম বন্দর কেন্দ্রিক এবং চট্টগ্রাম অঞ্চলের ব্যবসা ও বিনিয়োগের ক্ষেত্রে বিভিন্ন সমস্যা চিহ্নিত এবং দ্রুত সমাধানের লক্ষ্যে আমীর হুমায়ুনের নেতৃত্বে নতুন উদ্যমে পোর্ট ইউজার্স ফোরাম পথচলা শুরু করেছে বলে জানানো হয়েছে।
নবনির্বাচিত চেয়ারম্যান আমীর হুমায়ুন মাহমুদ চৌধুরী জানালেন, দীর্ঘদিন পর আবারও একটি ফেডারেল সংগঠন হিসেবে চালু হচ্ছে পোর্ট ইউজার্স ফোরাম। বন্দর কেন্দ্রিক সকল সংগঠনকে নিয়ে চট্টগ্রাম চেম্বারের অধীনে পরিচালিত হবে এই ফোরাম। ফোরামের সদস্য সংগঠনগুলোর যেকোনো আন্তঃসংগঠন সমস্যা আলাপ-আলোচনা এবং সরকারের সঙ্গে কোনো গুরুত্বপূর্ণ সিদ্ধান্তে সম্মিলিতভাবে দরকষাকষির মাধ্যমে সমাধান করা হবে।
দ্রুত কমিটি গঠনের জন্য ফোরামের নিয়মানুযায়ী সংগঠন থেকে দুইজন করে সদস্যের নাম প্রস্তাবের আহবান জানান তিনি।
চট্টগ্রাম চেম্বার সভাপতি মোহাম্মদ আমিরুল হক জানালেন, চট্টগ্রাম বন্দর কেন্দ্রিক, কাস্টমস সংক্রান্ত বা অন্যান্য দপ্তরভিত্তিক সমস্যা সমাধানে পোর্ট ইউজার্স ফোরামের মাধ্যমে আমরা সকল ব্যবসায়ীরা ঐক্যবদ্ধ ও সোচ্চার থাকবো।
কস্ট অব ডুয়িং বিজনেস কমানো ও ইজ অব ডুয়িং বিজনেস নিশ্চিত করতে ব্যবসায়ীরাই নির্ধারণ করবে কিভাবে গড়ে ওঠবে এবং পরিচালিত হবে এই লজিস্টিক হাব।
অন্যান্যদের মধ্যে সিনিয়র সহ সভাপতি আমজাদ হোসেন চৌধুরী, বিজিএমইএর পরিচালক মো. এম মহিউদ্দিন চৌধুরী, চেম্বার পরিচালক ইঞ্জিনিয়ার মো. গোলাম সরওয়ার ও ক্যাপ্টেন মো. আলাউদ্দিন আল আজাদ, ওয়াটার ট্রান্সপোর্ট সেলের কনভেনার হাজী মোহাম্মদ শফি, বাংলাদেশ কার্গো ভেসেল ওনার্স অ্যাসোসিয়েশনের জেনারেল সেক্রেটারি খুরশিদ আলম ও বাংলাদেশ শিপিং এজেন্টস অ্যাসোসিয়েনের পরিচালক মো. দিদারুল আলম ও ক্যাপ্টেন মো. সালা উদ্দিন চৌধুরী, বাফার পরিচালক (কাস্টমস) মোস্তাক আহমেদ তালুকদার ও পরিচালক (অফডক) আরিফুল আলম মজুমদার, মেডিটেরিয়ান শিপিং কোম্পানি লিমিটেডের মো. আজমীর হোসেন চৌধুরী, চৌধুরী গ্রুপের ডিএমডি শাহেদ সারোয়ার, চট্টগ্রাম বন্দর লাইটারেজ ঠিকাদার সমিতির সভাপতি এম এম মুসা বাবলু, কাস্টমস এজেন্টস এসোসিয়েশনের নির্বাহী সদস্য মো. মনিরুল ইসলাম চৌধুরী বক্তব্য রাখেন।



