চন্দনাইশে বাস-প্রাইভেট কার সংঘর্ষে শিশুসহ আহত ৫

ছবি: আগামীর সময়
চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে বাস ও প্রাইভেট কারের সংঘর্ষে একই পরিবারের তিন সদস্যসহ পাঁচজন আহত হয়েছেন।
আজ বৃহস্পতিবার সকালে চন্দনাইশ পৌরসভার গাছবাড়িয়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
আহতদের একজনকে উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে পাঠানো হয়েছে।
প্রত্যক্ষদর্শীরা জানিয়েছে, কক্সবাজার থেকে চট্টগ্রামমুখী মারসা পরিবহনের একটি বাস গাছবাড়িয়া এলাকায় অন্য গাড়িকে অতিক্রম করার সময় বিপরীত দিক থেকে আসা চট্টগ্রাম থেকে সাতকানিয়াগামী একটি প্রাইভেট কারের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে কারটির সামনের অংশ দুমড়ে-মুচড়ে যায়। দুর্ঘটনায় গাড়ির চালকসহ পাঁচজন আহত হন। আহতদের মধ্যে দুই শিশুও রয়েছে।
আহতরা হলেন আগ্রাবাদের সৈয়দ মো. রিদোয়ান (৪৫), সৈয়দ মো. মনজুর (১৩), জান্নাতুল আফরা (৭), মোছাম্মৎ আনিস খাতিজা (৩৫) এবং প্রাইভেট কারচালক মো. আনোয়ার (৩২)।
দুর্ঘটনার পর স্থানীয় লোকজন আহতদের উদ্ধার করে বিজিসি ট্রাস্ট মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। সেখানে প্রাথমিক চিকিৎসা দেওয়ার পর সৈয়দ মো. রিদোয়ানকে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে স্থানান্তর করা হয়।
দোহাজারী হাইওয়ে থানার ওসি মো. নুরুল আবছার জানান, দুর্ঘটনায় জড়িত বাস ও প্রাইভেট কার পুলিশি হেফাজতে নেওয়া হয়েছে। এ ঘটনায় পরবর্তী আইনি ব্যবস্থা নেওয়া হবে।




