চট্টগ্রাম
মাছের বাজারে চড়া দাম

চট্টগ্রামের বাজারে মাছ কিনতে গিয়ে বাড়তি টাকা গুনতে হচ্ছে ক্রেতাদের। রুই, কাতলা, শিং, বাইন, বোয়ালসহ বিভিন্ন মাছ বিক্রি হচ্ছে চড়া দামে। মাছ কিনতে বাজারে ক্রেতাদের উপস্থিতি থাকলেও আগের তুলনায় কেনার পরিমাণ কমেছে। নির্ধারিত বাজেটে প্রয়োজনীয় বাজার করতে গিয়ে হিমশিম খাচ্ছেন স্বল্প আয়ের মানুষ।
নগরের চকবাজারে মাছ কিনতে আসা মোহাম্মদ ইসমাইল বলেন, প্রায় এক সপ্তাহ ধরে মাছের দাম বাড়তি। মাসের বাজারের জন্য যে টাকা বরাদ্দ রাখেন, তাতে হিসাব মেলানো কঠিন হয়ে পড়েছে। এখন আগের মতো একই পরিমাণ মাছ কিনতে পারছেন না।
চকবাজারের মাছ বিক্রেতা আমিন বলেন, 'দেশি মাছ বাজারে এলেও দাম বেশি। পরিবহনসহ অন্যান্য খরচ বেড়েছে। এসব খরচের প্রভাব মাছের দামেও পড়ছে।'
নগরের বাজারে রুই ও কাতলা মাছ কেজিপ্রতি ৩০০ থেকে ৪৫০ টাকা, শিং ৫০০ থেকে ১ হাজার ২০০ টাকা এবং বাইন মাছ ৩০০ থেকে ১ হাজার টাকা দরে বিক্রি হচ্ছে। এ ছাড়া বোয়াল মাছ ৫০০ থেকে ৭০০ টাকা, কৈ ৭০০ থেকে ১ হাজার টাকা এবং পাঙাশ ২০০ থেকে ৩০০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। তেলাপিয়া ও কাঁচকি মাছের কেজি ২০০ থেকে ৩০০ টাকা এবং মলা মাছ ৩০০ থেকে ৬০০ টাকা।
বিক্রেতা মোহাম্মদ রহিম বলেন, 'দেশি মাছের সরবরাহ স্বাভাবিক হতে আরও কিছুদিন সময় লাগবে। হাওরাঞ্চলের পানি নেমে গেলে মাছের সরবরাহ বাড়ার সম্ভাবনা রয়েছে।'
ক্রেতা নয়ন ইসলাম বলেন,' নিত্যপ্রয়োজনীয় পণ্য, শাকসবজি, মাছ-মাংসসহ সবকিছুর খরচ বেড়েছে। বাড়তি ব্যয়ের চাপ সামলাতে আমাদের মতো স্বল্প আয়ের মানুষের সংসার চালাতে কষ্ট হচ্ছে।'



