চুয়েট শিক্ষার্থীদের আবারও ‘কমপ্লিট শাটডাউন’ ঘোষণা

বুধবার রাতে কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে সব শিক্ষাবর্ষের শিক্ষার্থীদের অংশগ্রহণে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। ছবি: আগামীর সময়
উপাচার্যকে ঘিরে সৃষ্ট সংকটের সমাধান না হওয়ায় এক মাস পর আবারও ‘কমপ্লিট শাটডাউন’ কর্মসূচি ঘোষণা করেছেন চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (চুয়েট) শিক্ষার্থীরা।
আজ বৃহস্পতিবার থেকে এ কর্মসূচি শুরু হবে। শাটডাউন চলাকালে বিশ্ববিদ্যালয়ের সব শিক্ষাবর্ষের একাডেমিক ও প্রশাসনিক কার্যক্রম বন্ধ থাকবে বলে জানিয়েছেন তারা।
বুধবার রাতে কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে সব শিক্ষাবর্ষের শিক্ষার্থীদের অংশগ্রহণে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভা শেষে শিক্ষার্থীরা জানিয়েছেন, দুই মাসের বেশি সময় ধরে আন্দোলন চললেও সংকট নিরসনে কার্যকর ও টেকসই কোনো সমাধান আসেনি। তাই দাবি আদায় না হওয়া পর্যন্ত শাটডাউন চলবে।
পরে রাত দুইটার দিকে একটি বিক্ষোভ মিছিল বের করেন তারা। মিছিলটি ক্যাম্পাসের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে স্বাধীনতা চত্বরে গিয়ে শেষ হয়।
যন্ত্রকৌশল বিভাগের চতুর্থ বর্ষের শিক্ষার্থী মোস্তফা খালিদ বিন শামস জানালেন, সংকট সমাধানে কার্যকর পদক্ষেপ না থাকায় সব ব্যাচের সম্মতিক্রমে আজ বৃহস্পতিবার থেকে কমপ্লিট শাটডাউন ঘোষণা করা হয়েছে।
এদিকে কর্মসূচির অংশ হিসেবে আজ দুপুর দুইটায় ইনস্টিটিউশন অব ইঞ্জিনিয়ার্স, বাংলাদেশ (আইইবি) চট্টগ্রাম কেন্দ্রে বিক্ষোভ ও অবস্থান কর্মসূচি পালন করবেন শিক্ষার্থীরা। একই দিন বিকাল তিনটায় উপাচার্য ইস্যুতে সংবাদ সম্মেলন করার কথা জানিয়েছে আইইবি চট্টগ্রাম কেন্দ্রের নির্বাহী কমিটি।
উল্লেখ্য, গত ২১ সেপ্টেম্বর তৎকালীন উপাচার্য অধ্যাপক আবু সাদাত মুহাম্মদ সায়েমকে সরিয়ে অধ্যাপক শেখ শরীফুল আলমকে নিয়োগ দেওয়ার পর চুয়েটে অচলাবস্থার সৃষ্টি হয়। এর প্রতিবাদে শিক্ষার্থীরা কমপ্লিট শাটডাউন শুরু করেন। টানা ৩৬ দিন বন্ধ থাকার পর গত ২৮ অক্টোবর একাডেমিক কার্যক্রম চালু হয়েছিল। তবে সংকটের সমাধান না হওয়ায় আবারও শাটডাউন ঘোষণা করলেন শিক্ষার্থীরা।



