খেজুরে তেল মিশিয়ে প্যাকেটজাত, চট্টগ্রামে ৫ প্রতিষ্ঠানকে জরিমানা

ছবি: আগামীর সময়
চট্টগ্রাম নগরের স্টেশন রোডের ফলমন্ডিতে খেজুরে তেল মিশিয়ে প্যাকেটজাত করা হচ্ছিল। চকচকে দেখানোর জন্য এই তেল মেশানো হচ্ছিল। এখান থেকে তা বিভিন্ন ছোট ব্যবসায়ীর কাছে বিক্রি করা হচ্ছিল। বিষয়টি হাতেনাতে ধরা পড়ে মঙ্গলবার সকালে ভোক্তা অধিকারে সংরক্ষণ অধিদপ্তরের অভিযানে।
খেজুরে তেল মেশানোর অপরাধে ফলমন্ডির তুহিন এন্টারপ্রাইজকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়। একই অভিযানে আরও চারটি প্রতিষ্ঠানকে বিভিন্ন অনিয়মের কারণে ৩৪ হাজার টাকা জরিমানা করে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।
জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর চট্টগ্রামের উপপরিচালক মোহাম্মদ ফয়েজ উল্যাহ অভিযানে নেতৃত্ব দেন। তিনি জানালেন, বাজার তদারকির সময় বিভিন্ন প্রতিষ্ঠানে নানা অনিয়ম পাওয়া যায়। এসব অপরাধে প্রতিষ্ঠানগুলোর মালিককে আর্থিক জরিমানার পাশাপাশি ভবিষ্যতে এ ধরনের অনিয়ম থেকে বিরত থাকার নির্দেশনা দেওয়া হয়েছে।
বাকি প্রতিষ্ঠানগুলোর মধ্যে মূল্য তালিকা প্রদর্শন না করায় ফলমন্ডির মেসার্স আল্লাহওয়ালা এন্টারপ্রাইজ ও মেসার্স অ্যান্ড ব্রাদার্সকে দুই হাজার টাকা করে জরিমানা করা হয়। ভাউচার সংরক্ষণ না করায় মেসার্স রাউজান এন্টারপ্রাইজকে জরিমানা করা হয় পাঁচ হাজার টাকা।
এছাড়া রং মেশানো কাশ্মীরি মরিচ ব্যবহার এবং অপরিচ্ছন্ন পরিবেশে খাবার প্রক্রিয়াজাত করার দায়ে দেওয়ানহাট এলাকার তায়েফ রেস্তোরাঁকে ২৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে।



