প্রবাসী শ্রমিকদের সেই দেশের আইন মেনে চলার আহ্বান মন্ত্রীর

প্রবাসী শ্রমিকদের জন্য ট্রলি কার্যক্রম উদ্বোধন অনুষ্ঠানে প্রবাসী ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরী
প্রবাসী শ্রমিকদের সেই দেশের আইন মেনে চলার আহ্বান জানিয়েছেন প্রবাসী ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরী।
তিনি বলেছেন, ‘সেই দেশে বসে সোশ্যাল মিডিয়ায় নানা প্রচারনার কারণে আজ আমরা মধ্যপ্রাচ্যে বিভিন্ন জটিলতার সম্মুখীন হচ্ছি।’
দায়িত্ব নেয়ার পর প্রথম চট্টগ্রাম আসলেন সরকারের দুটি মন্ত্রণালয় সামলোনো আরিফুল হক চৌধুরী। বৃহস্পতিবার সকালে চট্টগ্রাম বিমানবন্দর পৌঁছান। সেখানে প্রবাসী কর্মীদের জন্য ট্রলি কার্যক্রম উদ্বোধন করেন। এরপর দুপুরে চট্টগ্রাম সার্কিট হাউসে শ্রম সংক্রান্ত মতবিনিময় সভায় অংশ নেন। বৈঠক থেকে বের হয়েই তিনি সংবাদকর্মীদের সাথে কথা বলেন।
শ্রম কর্মসংস্থান মন্ত্রী চট্টগ্রামে শিশুশ্রম বন্ধে নিজের কঠোর অবস্থানের কথা জানান। এই কাজে জড়িতদের বিরুদ্ধে ড্রাসটিক অ্যাকশনের নির্দেশ দেন।
বিদেশে দক্ষ কর্মী পাঠানোর তাগাদা দিয়ে মন্ত্রী আরিফুল হক চৌধুরী জানান, বিদেশগামী কর্মীদের অবশ্যই দক্ষ হয়ে প্রবাসে যেতে হবে। যদি দক্ষ কর্মী পাঠাতে না পারি, শুধু লাখ লাখ কর্মী পাঠিয়ে দেশের প্রকৃত লাভ হবে না। সরকার গঠনের পর মধ্যপ্রাচ্যে যুদ্ধের প্রতিকূল পরিস্থিতির পরও বিগত ৭ মাসে প্রায় সাড়ে ৪ লাখ কর্মী বিদেশে কর্মসংস্থানের সুযোগ পেয়েছেন। সামনের দিনগুলোতে শ্রমবাজারে আরও ভালো ফলাফলের আশা দেখান মন্ত্রী।
শাহ আমানত বিমানবন্দরের অনুষ্ঠানে শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের সচিব মো. আব্দুর রহমান তরফদারসহ, চট্টগ্রাম জেলা প্রশাসন এবং বিমানবন্দর পরিচালনা কর্তৃপক্ষের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
আর সার্কিট হাউজের অনুষ্ঠানে চট্টগ্রাম সিটি মেয়র ডা. শাহাদাত হোসেন, সংসদ সদস্য আবু সুফিয়ানসহ সরকারের শীর্ষ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।



