মহসিন কলেজে ছাত্রশক্তি-ছাত্রশিবির হট্টগোল, উত্তেজনা

মহসিন কলেজে ছাত্রশক্তি-ছাত্রশিবির হট্টগোল, ছবি: আগামীর সময়
চট্টগ্রামের সরকারী হাজী মুহাম্মদ মহসিন কলেজে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) ছাত্র সংগঠন জাতীয় ছাত্রশক্তির নেতাদের ওপর হামলার অভিযোগ পাওয়া গেছে। ছাত্রশক্তির নেতারা হামলার জন্য ছাত্রশিবিরকে দায়ী করেছেন। বলেছেন, সাধারণ শিক্ষার্থীর নামে ‘গুপ্ত শিবিরের’ সন্ত্রাসীরা অতর্কিতে হামলা করেছে।
তবে ছাত্রশিবিরের পক্ষ থেকে হামলার অভিযোগ অস্বীকার করা হয়েছে। পুলিশ ও মহসিন কলেজ কর্তৃপক্ষ কলেজ ক্যাম্পাসে শিবির ও ছাত্রশক্তির মধ্যে ‘হট্টগোল’ হয়েছে বলে জানিয়েছে।
আজ মঙ্গলবার দুপুরে মহসিন কলেজের অধ্যক্ষ সাহারা ফারিনের সঙ্গে সৌজন্য সাক্ষাত করেন ছাত্রশক্তির কেন্দ্রীয় সাধারণ সম্পাদক তাহমিদ আল মুদ্দাসসীর চৌধুরীর নেতৃত্বে একটি প্রতিনিধিদল।
সাক্ষাৎ শেষে বিকেল সাড়ে ৩টায় ছাত্রশক্তির নেতারা তাদের ওপর হামলার অভিযোগ এনে কলেজ ক্যাম্পাসে সংবাদ সম্মেলন করেন।
এতে বলা হয়েছে, শিবিরের হামলায় মহসিন কলেজ শাখা ছাত্রশক্তির আহ্বায়ক আব্দুল বাসির নাঈম, মুখ্য সংগঠক মাইন উদ্দিন, শিক্ষার্থী সাইফুর রহমান সাগর ও রাকিব আহত হয়েছেন।
সংবাদ সম্মেলনে আহ্বায়ক আব্দুল বাসির নাঈম বললেন, ‘ছাত্রশক্তির কেন্দ্রীয় সাধারণ সম্পাদক মহসিন কলেজে সাংগঠনিক সফরে এসেছিলেন। আমরা ক্যাম্পাসে দাঁড়িয়েছিলাম উনাকে স্বাগত জানানোর জন্য। তখন আমরা দেখি সাধারণ শিক্ষার্থী নামে গুপ্ত শিবির কলেজের মেইন গেইটে তালা লাগিয়ে দিচ্ছে। আমরা তাদের বাধা উপেক্ষা করে সাধারণ সম্পাদককে নিয়ে আসি। আমরা অধ্যক্ষ ম্যাডামের কক্ষে অবস্থান করছিলাম। তারা বাইরে হট্টগোল শুরু করে। ভেতরে গিয়েও আমাদের ওপর চড়াও হয়। অধ্যক্ষের রুম থেকে বের হয়ে সাধারণ সম্পাদকসহ নেতৃবৃন্দ ক্যাম্পাস পরিদর্শন করছিলেন। তখন গুপ্ত শিবিরের সন্ত্রাসীরা অতর্কিতে আমাদের ওপর হামলা করে।’
ছাত্রশক্তির কেন্দ্রীয় সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক খান তালাত মাহমুদ রাফি বললেন, ‘আমরা চব্বিশের অভ্যুত্থান পরবর্তী সময় থেকেই বলে এসেছি নতুন বাংলাদেশে ছাত্র রাজনীতির নামে আর কোনো সন্ত্রাসী কর্মকাণ্ড আমরা দেখতে চাই না। কিন্তু দুঃখের সঙ্গে দেখতে পাচ্ছি সারাদেশে ক্যাম্পাসগুলোতে নতুন করে আধিপত্য বিস্তারের চেষ্টা হচ্ছে। পরিষ্কারভাবে বলতে চাই, সন্ত্রাসী কর্মকাণ্ড করে ছাত্রলীগ টিকতে পারেনি। অন্য কোনো সংগঠনও পারবে না। অভ্যুত্থানের পর গুপ্ত রাজনীতি থেকে মুক্ত রাজনীতি করার সুযোগ তৈরি হয়েছে। তারপরও একটি সংগঠনকে কেন এখনও গুপ্ত রাজনীতি করতে হবে আমরা বুঝি না। আমরা সাধারণ শিক্ষার্থীরা নামে গুপ্ত রাজনীতির মাধ্যমে ক্যাম্পাসে একক আধিপত্য তৈরির কোনো চেষ্টা মানবো না।’
কেন্দ্রীয় সাধারণ সম্পাদক তাহমিদ আল মুদ্দাসসীর চৌধুরী বললেন, ‘তথাকথিত কিছু সাধারণ শিক্ষার্থী যারা আসলে শিবিরের রাজনীতির সঙ্গে জড়িত তারা আমাদের ক্যাম্পাসে প্রবেশ করতে বাধা দেয়। অধ্যক্ষের উপস্থিতিতে মহসিন কলেজ ছাত্রশক্তির মুখ্য সংগঠক মাইনুদ্দিনের উপর আক্রমণ করে। পরে ছাত্রশিবিরের সন্ত্রাসীরা আবারও আমাদের ওপর আক্রমণ করে এবং কয়েকজন নেতাকে হেনস্থা করে।’
মহসিন কলেজ ছাত্রশিবিরের সেক্রেটারি পদপ্রার্থী ইয়াসিন পারভেজ এ হামলায় নেতৃত্ব দিয়েছেন বলে অভিযোগ করে তিনি বললেন, ‘শিবির সবসময় বলছে ক্যাম্পাসে কোনো দলীয় রাজনীতি চলবে না। অথচ তারা প্রকাশ্যে সাধারণ শিক্ষার্থী নামে ভেতরে শিবিরের গুপ্ত রাজনীতি করে যাচ্ছে। ছাত্রলীগের মতো একই কায়দায় হল দখলের রাজনীতি করছে। আমরা জুলাইয়ে একসাথে লড়াই করেছি। শিবির মুক্তভাবে রাজনীতি করার অধিকার ফিরে পেয়েছে। কিন্তু আজ শিবির সবার রাজনৈতিক অধিকার কেড়ে নিচ্ছে। আমি তাদের এই ভণ্ডামি এই মুনাফেকি থেকে বের হয়ে আসার আহ্বান জানাই।’
অভিযোগের বিষয়ে জানতে চাইলে মহসিন কলেজ ছাত্রশিবিরের সংগঠক ইয়াসিন পারভেজ বললেন, ‘অভিযোগ সম্পূর্ণ মিথ্যা। কলেজ ক্যাম্পাসে কোনো হামলার ঘটনা ঘটেনি।’
মহসিন কলেজের অধ্যক্ষ সাহারা ফারিন আগামীর সময়কে বললেন, ‘ছাত্রশক্তির কয়েকজন নেতা আমার সাথে দেখা করতে এসেছিলেন। উনারা যখন বের হয়েছেন তখন সামান্য হট্টগোল হয়েছে। শিবিরের প্রতিনিধিদের সঙ্গে সম্ভবত হয়েছে। তবে আমাদের ক্লাস-পরীক্ষার ক্ষেত্রে কোনো সমস্যা হয়নি।’
চকবাজার থানার ওসি নুর হোসেন মামুন আগামীর সময়কে বললেন, ‘হামলার অভিযোগ শুনেছি। থানায় কেউ লিখিত কোনো অভিযোগ করেনি।’




