পিংক অক্টোবরের পরও চলবে ব্রেস্ট ক্যানসারের চিকিৎসাসেবা

ব্রেস্ট ক্যানসার শনাক্তের পর চিকিৎসা নিয়ে যেন রোগীদের অনিশ্চয়তায় পড়তে না হয়, সে লক্ষ্যে চট্টগ্রামে শুরু হচ্ছে বিনা মূল্যে চিকিৎসা পরামর্শ ও অস্ত্রোপচারের উদ্যোগ। পিংক অক্টোবরের মাসব্যাপী সচেতনতা ও স্ক্রিনিং কার্যক্রম শেষ হলেও নভেম্বরজুড়ে এ সেবা চালু রাখার ঘোষণা দিয়েছেন আয়োজকেরা।
গতকাল শনিবার চট্টগ্রাম বিভাগীয় পুলিশ হাসপাতালে ভ্রাম্যমাণ ক্লিনিকের মাধ্যমে শেষ হয় মাসব্যাপী ‘পিংক অক্টোবর’ কর্মসূচি।
চট্টগ্রাম সিটি করপোরেশন, সিএসসিআর ও পিজিএস একাডেমিয়ার যৌথ উদ্যোগে গত ১ অক্টোবর শুরু হয়েছিল 'ফ্রম এওয়ারনেস টু কেয়ার' শীর্ষক এ কার্যক্রম।
আয়োজকদের দেওয়া তথ্য অনুযায়ী, মাসব্যাপী কর্মসূচিতে ১০৩ জন নারী চিকিৎসক অংশ নেন। তাদের মাধ্যমে এক হাজার ৪৫২ জন রোগীকে সেবা দেওয়া হয়েছে। এ ছাড়া নগরের বিভিন্ন এলাকায় পিংক বাস মোবাইল ক্লিনিকের মাধ্যমে নারীদের ব্রেস্ট ক্যানসার বিষয়ে সচেতনতা ও স্ক্রিনিং সেবা দেওয়া হয়।
আয়োজকেরা জানান, শনাক্ত রোগীদের পরবর্তী চিকিৎসার জন্য নভেম্বর মাসের প্রতি সোমবার বিকেল ৪টা থেকে ৬টা পর্যন্ত ‘মাল্টিডিসিপ্লিনারি টিউমার বোর্ড’ এর মাধ্যমে বিনা মূল্যে চিকিৎসা পরামর্শ দেওয়া হবে। এতে বিভিন্ন বিভাগের বিশেষজ্ঞ চিকিৎসকেরা একসঙ্গে রোগীর অবস্থা পর্যালোচনা করে চিকিৎসার বিষয়ে পরামর্শ দেবেন। পাশাপাশি নির্বাচিত কিছু রোগীর বিনা মূল্যে অস্ত্রোপচারও করা হবে।
আগামী ১৫ নভেম্বর এ অস্ত্রোপচার কার্যক্রমে চট্টগ্রামের সার্জনদের সঙ্গে যুক্তরাজ্য থেকে আসা দুই বিশেষজ্ঞ সার্জন ডা. লরা জনসন ও ডা. মো. জাকের উনাইদ অংশ নেবেন। তাদের অস্ত্রোপচার কার্যক্রম সিএসসিআরের কনফারেন্স কক্ষ থেকে পর্যবেক্ষণের সুযোগ পাবেন চট্টগ্রামের তরুণ সার্জনরা।
আয়োজকরা জানিয়েছেন, এ উদ্যোগের লক্ষ্য শুধু ব্রেস্ট ক্যানসার বিষয়ে সচেতনতা তৈরি নয়, বরং রোগ শনাক্ত হওয়ার পর প্রয়োজনীয় চিকিৎসার পথও সহজ করা। সচেতনতা থেকে পরীক্ষা এবং পরীক্ষা থেকে চিকিৎসাসেবা নিশ্চিত করার ধারাবাহিকতা বজায় রাখতে কর্মসূচি অব্যাহত থাকবে।
কর্মসূচির অংশ হিসেবে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ লাইন, প্রিমিয়ার ইউনিভার্সিটি এবং চট্টগ্রাম মহিলা সমিতি স্কুল ও কলেজে সচেতনতামূলক সমাবেশ করা হয়।




