রবীন্দ্র-নজরুল কর্মশালার উদ্বোধন

ছবি: আগামীর সময়
জাতীয় রবীন্দ্র সংগীত সম্মিলন পরিষদ চট্টগ্রামের উদ্যোগে শুক্রবার শুরু হয়েছে ওয়াহিদুল হক সঙ্গীত প্রব্রজ্যা শীর্ষক দুই দিনব্যাপী কর্মশালা। নগরীর থিয়েটার ইনস্টিটিউট মিলনায়তনে সকালে রবীন্দ্র ও নজরুল সংগীতের এই কর্মশালায় শতাধিক নারী পুরুষ অংশগ্রহণ করেন।
প্রদীপ জ্বালিয়ে গানে গানে কর্মশালার উদ্বোধন করেন জাতীয় রবীন্দ্র সংগীত সম্মিলন পরিষদের সভাপতি গবেষক ড. মফিদুল হক।
উদ্বোধনকালে তিনি বলেন, কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর ও কবি কাজী নজরুল ইসলাম বাঙালি চেতনা, সংস্কৃতি এবং জীবনযাপনের অবিচ্ছেদ্য অংশ। তাদের স্বদেশ ভাবনা, অসাম্প্রদাকিতা মানবিকতার পথ ধরেই সমাজ বিনির্মাণ করতে হবে।
এ সময় উপস্থিত ছিলেন নির্বাহী সভাপতি বুলবুল ইসলাম, চট্টগ্রাম শাখার সহসভাপতি ডা. এ কিউ এম সিরাজুল ইসলাম, সহসভাপতি রীতা দত্ত, কেন্দ্রীয় সম্পাদকমণ্ডলীর সদস্য আবু ফারহা পলাশ, মহুয়া মঞ্জরী সুনন্দা ও শারমিন সাথী ইসলাম এবং নির্বাহী কমিটির সদস্য মামুনুর রশীদ।
পরে ইনস্টিটিউটের দুটি মিলনায়তনে সাধারণ বিভাগ ও কিশোর বিভাগের কর্মশালা অনুষ্ঠিত হয়। কর্মশালায় প্রশিক্ষক হিসেবে ছিলেন বুলবুল ইসলাম ও মহুয়া মঞ্জরী সুনন্দা। শনিবার সকালে দ্বিতীয়দিনের মতো কর্মশালা অনুষ্ঠিত হবে।



