ডা. শাহাদাতের দুই বছর
রাজস্ব-দেনা শোধে সাফল্য, ডেঙ্গু-বর্জ্য ব্যবস্থাপনায় ব্যর্থ
- রাজস্ব, প্রিমিয়ার বিশ্ববিদ্যালয়ের কর্তৃত্ব পুনরুদ্ধার ও খেলার মাঠ সংস্কারে দেখিয়েছেন সাফল্য
- তবে ঘোষিত দুই প্রধান অগ্রাধিকার— ডেঙ্গু নিয়ন্ত্রণ ও বর্জ্য ব্যবস্থাপনা পরিস্থিতির হয়নি উন্নতি

সংগৃহীত ছবি
ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা কার্যক্রমকে অগ্রাধিকার দিয়ে দুই বছর আগে চট্টগ্রাম সিটি করপোরেশনের (চসিক) মেয়রের দায়িত্ব নিয়েছিলেন ডা. শাহাদাত হোসেন। মেয়র ও পরে প্রশাসক হিসেবে দায়িত্ব পালনের এ সময়ে রাজস্ব আয় বাড়ানো, দেনা কমানো, প্রিমিয়ার বিশ্ববিদ্যালয়ের কর্তৃত্ব পুনরুদ্ধার ও খেলার মাঠ সংস্কারের মতো কাজে তিনি দেখিয়েছেন সাফল্য। তবে তার ঘোষিত দুই প্রধান অগ্রাধিকার— ডেঙ্গু নিয়ন্ত্রণ ও বর্জ্য ব্যবস্থাপনায় পরিস্থিতির উন্নতি হয়নি। পাশাপাশি সৌন্দর্যবর্ধনের কাজ দলীয় নেতাকর্মীদের দেওয়া, দাপ্তরিক কাজে দলীয় হস্তক্ষেপ ও মেয়াদ-সংক্রান্ত অবস্থান কিছুটা বিতর্কের জন্ম দিয়েছে।
২০২৪ সালের ৫ আগস্ট ছাত্র-জনতার অভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতনের পর ১ অক্টোবর নির্বাচনী ট্রাইব্যুনাল বিএনপি নেতা শাহাদাত হোসেনকে মেয়র ঘোষণা করেন। ওই বছরের ৩ নভেম্বর শপথ নেন তিনি। নির্বাচিত পরিষদের মেয়াদ শেষ হওয়ার পর গত ২৫ অক্টোবর স্থানীয় সরকার মন্ত্রণালয় সিটি করপোরেশনের প্রশাসক হিসেবে নিয়োগ দেয় তাকে। প্রথমে মেয়র ও পরে প্রশাসক হিসেবে মেয়রের পূর্ণ ক্ষমতা পাওয়ার এমন নজির সিটি করপোরেশনের ১৬০ বছরের ইতিহাসে নেই।
ডা. শাহাদাত হোসেন আগামীর সময়ের কাছে নিজের মূল্যায়ন করলেন এভাবে, ‘জলাবদ্ধতা নিরসনে ৭০ শতাংশ সফলতা এসেছে। বাকি ৩০ শতাংশ কাজের জন্য প্রকল্প নেওয়া হচ্ছে। ক্লিন সিটি করার যে প্রত্যয় আমি ঘোষণা করেছিলাম, এখন পর্যন্ত তা করতে পারিনি।’ নাগরিক সচেতনতার অভাবে যত্রতত্র ময়লা ফেলা বন্ধ না হওয়াকে এর কারণ হিসেবে উল্লেখ করেছেন তিনি। বর্জ্য ব্যবস্থাপনায় নানা পদক্ষেপ নেওয়ার কথাও জানালেন তিনি। এ ছাড়া ডেঙ্গু নিয়ন্ত্রণে ১০ জন বিশেষজ্ঞ চিকিৎসকের গবেষণা দলের পরামর্শে কাজ চলছে বলে উল্লেখ করলেন। পুলিশ করপোরেশনের অধীনে না থাকায় ফুটপাত উচ্ছেদ স্থায়ী করা যাচ্ছে না। এক্ষেত্রে সমন্বয়ের জন্য ‘নগর সরকার’ ব্যবস্থা চালুর প্রয়োজনীয়তার কথা তুলে ধরলেন ডা. শাহাদাত হোসেন।
দুই বছরে সিটি করপোরেশনের আর্থিক খাতে পরিবর্তন এসেছে। ডা. শাহাদাত দায়িত্ব নেওয়ার আগে সংস্থার রাজস্ব আয় ছিল ৪৫০ কোটি টাকা। গত অর্থবছরে তা বেড়ে ৭৩৬ কোটি টাকায় দাঁড়িয়েছে, যা সংস্থাটির ইতিহাসে সর্বোচ্চ। এ ছাড়া চট্টগ্রাম বন্দর থেকে ৪৫ কোটির বিপরীতে ২২৪ কোটি টাকা রাজস্ব আদায়ের উদ্যোগও নিয়েছেন তিনি।
দায়িত্ব গ্রহণের সময় সংস্থাটির দেনা ছিল ৫৯৬ কোটি টাকা। হিসাব বিভাগের তথ্য বলছে, দুই বছরে ২৭১ কোটি টাকা দেনা পরিশোধ করা হয়েছে। বর্তমানে দেনার অঙ্ক কমে ৩২৫ কোটি টাকা।
সাংগঠনিক কার্যক্রম, আর্থিক ব্যবস্থাপনা ও নাগরিক সম্পৃক্ততার ভিত্তিতে ‘সিটি গভর্ন্যান্স’ মূল্যায়নে দেশের ১১টি সিটি করপোরেশনের মধ্যে প্রথম হয়েছে চট্টগ্রাম।
দায়িত্বকালে প্রিমিয়ার বিশ্ববিদ্যালয়ের ওপর সিটি করপোরেশনের কর্তৃত্ব ফিরিয়ে আনা হয়েছে। নগরের ৪১টি ওয়ার্ডে খেলার মাঠ সংস্কারের উদ্যোগের মধ্যে ১১টির কাজ শেষ হয়েছে, বাকিগুলো চলমান। পতেঙ্গায় দেশের প্রথম সাইকেল ট্র্যাক নির্মাণ এবং স্কুলপর্যায়ে স্বাস্থ্য কার্ড চালু করা হয়েছে। নাগরিক সমস্যা সমাধানে চালু করা ‘আমাদের চট্টগ্রাম’ অ্যাপের মাধ্যমে প্রায় চার হাজার সমস্যার সমাধান করেছে সিটি করপোরেশন। পাশাপাশি ওয়ার্ডপর্যায়ে গণশুনানিও শুরু হয়েছে।
ফুটপাত থেকে অবৈধ দখলদার উচ্ছেদে দুই বছর ধরে অভিযান চালানো হয়েছে। এতে তিনজন দখলদারকে কারাদণ্ড এবং যত্রতত্র পোস্টার লাগানোর দায়ে কয়েকটি কোচিং সেন্টারকে জরিমানা করা হয়। তবে অভিযানের পর আবারও ফুটপাত দখল হয়ে যাওয়ার উদাহরণ রয়েছে। জলাবদ্ধতা নিরসনে নগরে ১৪ হাজার ৩৯৮ কোটি টাকার চারটি প্রকল্প চলমান। যার প্রায় ১০ হাজার কোটি টাকার বেশি এরই মধ্যে ব্যয় হয়েছে। গত পাঁচ বছরে নগরী ৪০ বার ডুবেছে। গত বছর জলাবদ্ধতার প্রকোপ কমলেও চলতি বছর তা আবার ফিরে আসে। প্রকল্পের বাইরে থাকা খাল ও নালা থেকে এ বছর প্রায় ৪০ কোটি টাকার আবর্জনা ও মাটি অপসারণ করেছে দাবি সিটি করপোরেশনের।
দায়িত্ব নেওয়ার সময় ডেঙ্গু নিয়ন্ত্রণকে প্রধান কাজ হিসেবে চিহ্নিত করলেও দুই বছরে চট্টগ্রামে ডেঙ্গুতে ৫২ জনের মৃত্যু হয়েছে। আক্রান্ত হয়েছে ৬ হাজার ৪৪৫ জন। চলতি অর্থবছরে মশা নিধনে বাজেট বরাদ্দ ৯ কোটি থেকে বাড়িয়ে ২৫ কোটি টাকা করা হয়েছে। আগের অর্থবছরে ৯ কোটির বিপরীতে ব্যয় হয়েছিল ৫ কোটি ৩৮ লাখ টাকা। বরাদ্দ বাড়লেও মশার উপদ্রব ও ডেঙ্গু সংক্রমণ নিয়ন্ত্রণে আসেনি।
বর্জ্য ব্যবস্থাপনায়ও শৃঙ্খলা ফেরেনি। গত অর্থবছরে বাসাবাড়ি থেকে বর্জ্য সংগ্রহের জন্য ১৩১ কোটি টাকা পরিচ্ছন্ন কর আদায় করা হয়। সংস্থার পরিচ্ছন্নতা বিভাগে প্রায় চার হাজার জনবল রয়েছে। এর মধ্যে ঘরে ঘরে গিয়ে বর্জ্য সংগ্রহের জন্য একসঙ্গে ২ হাজার কর্মী নিয়োগ দেওয়া হয়। তবুও প্রতিদিন উৎপাদিত বর্জ্যের একাংশ পড়ে থাকে সড়কে। বর্জ্য থেকে বিদ্যুৎ উৎপাদনসহ কয়েকটি উদ্যোগের কথা জানানো হলেও কোনোটি বাস্তবায়িত হয়নি এখনো।
নগরের উন্মুক্ত পরিসর বিপ্লব উদ্যান নিয়ে বাণিজ্যিক চুক্তি করে পূর্বসূরিদের পথেই হেঁটেছেন ডা. শাহাদাত। ওয়ার্ডপর্যায়ে সৌন্দর্যবর্ধনের কাজ দলীয় নেতাকর্মীদের দেওয়া হয়েছে; কিন্তু কাজের কাজ কিছুই হয়নি। সৌন্দর্য বাড়ার পরিবর্তে ফুটপাতে মোড়ে মোড়ে দোকান নির্মাণ করে ভাড়া দেওয়ার প্রবণতা দেখা যাচ্ছে। তাদের মাধ্যমে নগরে আবারও ফিরেছে বাণিজ্যিক বিলবোর্ডের বিশৃঙ্খলা।
স্থপতি ও নগর পরিকল্পনাবিদ আশিক ইমরান বললেন, ‘আমরা আশা করেছিলাম অতীতের ভুল সংশোধন করে বিপ্লব উদ্যানকে উন্মুক্ত পরিসর হিসাবে সংরক্ষণ করা হবে। এখন শুনছি সেখানে বিশাল পতাকা নির্মাণ করা হবে। স্থাপনাও হবে। এক দশক ধরে সিটি করপোরেশন সৌন্দর্যবর্ধনের নামে খোলা জায়গাগুলোতে অপরিকল্পিত ও দৃষ্টিকটু স্থাপনা নির্মাণ করছে। যেখানে নান্দনিকতার বিন্দুমাত্র ছোঁয়া নেই।’
অফিস সময়ে (সকাল ৯টা থেকে বিকাল ৫টা) দলীয় নেতাকর্মীদের করপোরেশন কার্যালয়ে না আসার নির্দেশ দিয়েছিলেন ডা. শাহাদাত। তবে তা কার্যকর হয়নি। প্রায় প্রতিদিনই নিয়োগ-বাণিজ্য ও কাজের তদবির নিয়ে নেতাকর্মীদের ভিড় লেগেই থাকে। নাম প্রকাশে অনাগ্রহী এক কর্মকর্তা বললেন, ‘অনেকে এসে আদেশের সুরে কথা বলেন, যা দাপ্তরিক কার্যক্রম পরিচালনায় বিঘ্ন ঘটায়।’
গত দুই বছর ওয়ার্ড কাউন্সিলর না থাকায় তৃণমূল পর্যায়ে জন্মনিবন্ধন ও নাগরিক সনদ প্রদানসহ দৈনন্দিন সেবা কার্যক্রম ব্যাহত হয়েছে। করপোরেশন পরিচালনার জন্য ১৭ সদস্যের কমিটি ও সরকারি কর্মকর্তাদের মাধ্যমে কাজ চালানো হলেও সেসব সেবায় প্রাণ ফিরে পাওয়ার পরিবর্তে ভোগান্তি ও দীর্ঘসূত্রতা বেড়েছে।
এক বছর ধরে স্থায়ী প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) ছাড়াই চলছে সংস্থাটি। সাবেক সিইও শেখ মুহম্মদ তৌহিদুল ইসলামের বদলির পর নতুন কাউকে নিয়োগ দেয়নি মন্ত্রণালয়। সচিব আশরাফুল আমিন একই সঙ্গে ভারপ্রাপ্ত প্রধান নির্বাহীর দায়িত্ব পালন করছেন। এক ব্যক্তির হাতে দুই গুরুত্বপূর্ণ পদের দায়িত্ব থাকায় প্রশাসনিক কাজের ভারসাম্য বজায় থাকছে না বলে মনে করছেন কর্মকর্তা-কর্মচারীরা।
২০২১ সালের ২৭ জানুয়ারির নির্বাচনে নৌকার প্রার্থী রেজাউল করিম চৌধুরী ৩ লাখ ৬৯ হাজার ২৪৮ ভোট পেয়ে জয়ী হয়েছিলেন। শাহাদাত হোসেন পেয়েছিলেন ৫২ হাজার ৪৮৯ ভোট। কারচুপির অভিযোগে ওই বছরের ২৪ ফেব্রুয়ারি তিনি মামলা করেন। রাজনৈতিক পটপরিবর্তনের পর ২০২৪ সালের ১ অক্টোবর চট্টগ্রামের নির্বাচনী ট্রাইব্যুনালের বিচারক মোহাম্মদ খাইরুল আমীন শাহাদাতকে মেয়র ঘোষণা করেন। মেয়াদ ২০২৬ সালের ২২ ফেব্রুয়ারি শেষ হওয়ার পরও তিনি মেয়র হিসেবে দায়িত্ব চালিয়ে যান এবং নিজের মেয়াদ ২০২৯ সাল পর্যন্ত দাবি করেন। বিষয়টি নিয়ে আইনি ও রাজনৈতিক বিতর্কের মধ্যে গত ২৫ অক্টোবর তাকে প্রশাসক হিসেবে নিয়োগ দেয় সরকার।



