চালক-মালিকদের দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান মীর হেলালের

ছবি: আগামীর সময়
চট্টগ্রামে অপরাধমূলক কর্মকাণ্ডে সিএনজিচালিত অটোরিকশার ব্যবহার নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন ভূমি ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক প্রতিমন্ত্রী মীর মোহাম্মদ হেলাল উদ্দিন।
তিনি বলেছেন, এসব অপরাধ প্রতিরোধে চালক ও মালিকদের আরও দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। অপরাধীদের শনাক্ত করা এবং অপরাধ নিয়ন্ত্রণে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে সহযোগিতা করুণ।
আজ বুধবার দুপুরে চট্টগ্রাম সার্কিট হাউজের সম্মেলন কক্ষে জাতীয় নিরাপদ সড়ক দিবস উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।
প্রধান অতিথির বক্তব্যে প্রতিমন্ত্রী জানান, সড়কে শৃঙ্খলা ফেরাতে এআইভিত্তিক ট্রাফিক ব্যবস্থাপনা কার্যক্রম চলমান রয়েছে। এ ছাড়া যানজট কমাতে চট্টগ্রাম বন্দরের জন্য দীর্ঘমেয়াদি প্রাইম মুভার ও ট্রেলার পার্কিং ব্যবস্থার পরিকল্পনার কথা জানান তিনি।
মীর হেলাল বলেছেন, বিগত আমলে রাষ্ট্রীয় অনুষ্ঠানে মন্ত্রী-এমপিরা আলাদা গাড়িতে যাতায়াত করতেন। তবে এখন প্রধানমন্ত্রী তারেক রহমানসহ মন্ত্রী, সংসদ সদস্য ও ঊর্ধ্বতন কর্মকর্তারা এক বাসে করে অনুষ্ঠানে যোগ দিচ্ছেন। এতে সড়কে গাড়ির সংখ্যা কমছে, তৈরি হচ্ছে শৃঙ্খলা মেনে চলার দৃষ্টান্ত।
দূরপাল্লার পরিবহনে চালকদের কর্মঘণ্টা নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করে মন্ত্রী বললেন, পণ্য পরিবহনের ক্ষেত্রে খরচ বাঁচাতে একজন চালককে দিয়ে টানা ১২ থেকে ১৬ ঘণ্টা গাড়ি চালানো হয়। এতে দুর্ঘটনা ও প্রাণহানির ঝুঁকি বাড়ে।
চট্টগ্রাম জেলা প্রশাসন ও বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের (বিআরটিএ) যৌথ আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা।
এতে চট্টগ্রাম বিভাগের কমিশনার ড. মো. জিয়াউদ্দীন, চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তা, সড়ক ও জনপথ অধিদপ্তরের কর্মকর্তা এবং সংশ্লিষ্ট দপ্তরের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠান শেষে ভালো চালকদের সম্মাননা ও ক্রেস্ট প্রদান করা হয়। এবারের জাতীয় নিরাপদ সড়ক দিবসের প্রতিপাদ্য ছিল ‘নিরাপদ সড়কে সমৃদ্ধ দেশ, সবার আগে বাংলাদেশ’।




