দুবাইফেরত যাত্রীর ব্যাগে ছিল ১৩০০ পিস নিষিদ্ধ বিউটি ক্রিম, শাহ আমানতে উদ্ধার

চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে দুবাইফেরত এক যাত্রীর ব্যাগেজ থেকে ১ হাজার ৩০০ পিস নিষিদ্ধ বিউটি ক্রিম উদ্ধার করেছে কাস্টমস গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তর। উদ্ধারকৃত ক্রিমের ওজন ৪০ কেজি। আনুমানিক বাজারমূল্য ৮ লাখ টাকা।
শনিবার গোপন সংবাদের ভিত্তিতে বিমানবন্দরে এ অভিযান চালান কাস্টমস গোয়েন্দা কর্মকর্তারা। এ সময় বিমান বাংলাদেশ এয়ারলাইনসের দুবাই-চট্টগ্রামগামী বিজি-১৪৮ ফ্লাইটে আসা মোহাম্মদ জাহেদ নামে এক যাত্রীর ব্যাগেজ স্ক্যান ও তল্লাশি করে এসব ক্রিম পাওয়া যায়। পণ্যগুলোর ব্র্যান্ড নাম ‘ফ্রেশ অ্যান্ড হোয়াইট বিউটি ক্রিম’।
কাস্টমস গোয়েন্দা কর্তৃপক্ষ জানিয়েছে, আমদানি নীতি আদেশের বিধান লঙ্ঘন করে এসব প্রসাধনী দেশে আনা হয়েছে। নিষিদ্ধ এ ধরনের ক্রিমে ক্ষতিকর উপাদান থাকতে পারে, যা ত্বকের ক্ষতির পাশাপাশি দীর্ঘমেয়াদি স্বাস্থ্যঝুঁকি তৈরি করতে পারে।
এ ধরনের ঝুঁকিপূর্ণ পণ্যের অবৈধ আমদানি ঠেকাতে বিমানবন্দরে নজরদারি ও অভিযান অব্যাহত রয়েছে বলে জানায় কর্তৃপক্ষ।



