পুলিশের সঙ্গে গোলাগুলি, ডেভিড ইমনের 'সেকেন্ড ইন কমান্ড' গ্রেপ্তার

ফটিকছড়িতে 'বন্দুকযুদ্ধের' পর দুর্ধর্ষ সন্ত্রাসী মোবারকসহ ৪ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। পাল্টাপাল্টি গুলিবিনিময়ে পাঁচ পুলিশ সদস্য আহত হয়েছেন। তাদের কাছ থেকে পুলিশের লুট করা বিদেশি পিস্তলসহ বেশকিছু অস্ত্রশস্ত্র উদ্ধার করা হয়েছে।
পুলিশের ভাষ্য, গ্রেপ্তার মোবারক স্থানীয়ভাবে গলাকাটা মোবারক হিসেবে পরিচিত। বিদেশে পলাতক শিবির ক্যাডার বড় সাজ্জাদ বাহিনীর সদস্য। শীর্ষ সন্ত্রাসী বর্তমানে কারাবন্দি ডেভিড ইমনের 'সেকেন্ড ইন কমান্ড' হিসেবে কাজ করতেন মোবারক।
আজ বুধবার ভোরে উপজেলার কাঞ্চননগর এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়েছে।
চট্টগ্রাম জেলার অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ রাসেল আগামীর সময়কে বললেন, 'মোবারককে তার তিন সহযোগীসহ গ্রেপ্তার করা হয়েছে। বিদেশি পিস্তল-রিভলবারসহ কয়েকটি অস্ত্র উদ্ধার হয়েছে। ব্রাজিলের তৈরি একটি টরাস কোম্পানির পিস্তল পাওয়া গেছে। যেটি পুলিশের অস্ত্র। থানা থেকে লুট হয়েছিল।'
পুলিশের তথ্য, রাত ৩টা থেকে ভোর ৫টা পর্যন্ত দফায় দফায় গুলিবিনিময়ের পর মোবারককে গ্রেপ্তার করতে সক্ষম হন অভিযানে যাওয়া পুলিশ সদস্যরা। বন্দুকযুদ্ধে হাটাহাজারী সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার কাজী মোহাম্মদ তারেক আজিজসহ ৫ সদস্য আহত হয়েছেন।
বিস্তারিত জানাতে আগামীকাল বৃহস্পতিবার দুপুর আড়াইটায় সংবাদ সম্মেলন ডেকেছেন চট্টগ্রামের পুলিশ সুপার মাসুদ আলম।
গত ২৯ জুলাই ভারতের পালানোর পথে যশোর থেকে মোবারক হোসেন ইমন ওরফে ডেভিড ইমনকে গ্রেপ্তার করা হয়। তাকে ২০ দিনের রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করে পুলিশ।






